Jay Shah: কোনও বিপক্ষই নেই, টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান জয় শাহ!

ICC: ২০২৪ সালে প্রথমবার আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জয় শাহ। সেই সময় গ্রেগ বার্কলের জায়গায় দায়িত্ব নেন তিনি। তৃতীয়বার চেয়ারম্যান পদে থাকতে চাননি বার্কলে। প্রথমবার নির্বাচিত হওয়ার সময়েই আইসিসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হয়েছিলেন জয়।

Jay Shah: কোনও বিপক্ষই নেই, টানা দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান জয় শাহ!
ফাইল ছবিImage Credit source: PTI

|

Nov 16, 2026 | 12:11 PM

কলকাতা: দ্বিতীয়বারের জন্য আবার মসনদে বসলেন জয় শাহ (Jay Shah)। আইসিসি-র (ICC) চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আবার পদে শাহ। বালিতে আইসিসির বোর্ড বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির পরিচালকদের সমর্থনেই দ্বিতীয়বার এই দায়িত্ব পেয়েছেন তিনি।

ক্রিকেটের উন্নয়নে আগামী দিনে একাধিক গুরুত্বপূর্ণ কাজ করতে চায় আইসিসি। বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো, দর্শকদের ক্রিকেটের প্রতি আগ্রহী করা ও বাণিজ্যিক দিক থেকে খেলাকে আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এই প্রত্যাবর্তন ক্রিকেটের প্রসারের জন্য একটি বড় সুযোগ হতে পারে বলে মনে করে আইসিসি।

দ্বিতীয়বার দায়িত্ব পেয়ে জয় শাহ বলেন, “আইসিসি বোর্ড আমার উপর আস্থা রাখায় আমি খুব খুশি। বিশ্বের সব ক্রিকেট খেলিয়ে দেশের সঙ্গে মিলেমিশে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চাই আমি। বড় প্রতিযোগিতা নয়, এর পাশাপাশি যাতে ক্রিকেটের ভবিষ্যৎ আরও ভাল হয়, তাও আমার লক্ষ্য।” ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, আইসিসির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রোজ রিভাজ, জিম্বাবোয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুখুলহানিও জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের সবার মত, আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ ভাল করতে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। দ্বিপাক্ষিক সিরিজ থেকে মহিলা ক্রিকেট – সবকিছুর গুরুত্ব বাড়াতে হবে ও ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর দিকে আরও ভবিষ্যৎমুখী পরিকল্পনা করতে হবে।

২০২৪ সালে প্রথমবার আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জয় শাহ। সেই সময় গ্রেগ বার্কলের জায়গায় দায়িত্ব নেন তিনি। তৃতীয়বার চেয়ারম্যান পদে থাকতে চাননি বার্কলে। প্রথমবার নির্বাচিত হওয়ার সময়েই আইসিসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হয়েছিলেন জয়। তিনি আইসিসির চেয়ারম্যান হওয়া পঞ্চম ভারতীয়। তাঁর আগে এই দায়িত্ব সামলিয়েছেন জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।

Loading...
Unable to load recommendations.
Follow Us