
কলকাতা : ফুটবল মানেই একের পর এক টুর্নামেন্ট। রোভার্স, ডুরান্ড, আইএফএ শিল্ড – সব কিছুই একসময় জাঁকজমকভাবে পালন হলেও এখন কোনওমতে টিমটিম করে জ্বলে। রোভার্স কাপ আর নেই। তবে রয়ে গিয়েছে সুব্রত কাপ। আর এই সুব্রত কাপেই অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে চ্যাম্পিয়ন হল ঝাড়গ্রামের মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। এই দলকেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজের সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ৬৫তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৫ বালক বিভাগ) চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাড়গ্রামের মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের কিশোর ফুটবলারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। দীর্ঘ ২৯ বছর পর পশ্চিমবঙ্গের কোনও দল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল, এও মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। দলের সকল খুদে যোদ্ধা, কোচ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানালেন তিনি। আগামীর দিনগুলিতে এই তরুণ ফুটবলাররা পশ্চিমবঙ্গ ও দেশের জন্য আরও অনেক বড় সাফল্য অর্জন করুক, এই কামনা করেছেন তিনি।
গতকাল বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া ফাইনালে অসমের কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১-০ গোলে পরাজিত করে এই অবিস্মরণীয় সাফল্য ছিনিয়ে এনেছে ঝাড়গ্রামের কিশোর ফুটবলাররা। এর ফলেই ২৯ বছর পর সুব্রত কাপ চ্যাম্পিয়ন হল পশ্চিমবঙ্গের কোনও দল। যে কারণে যারপরনাই খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলের সকল ফুটবলার, কোচ, বিদ্যালয় কর্তৃপক্ষকেও অভিবাদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সদ্যই ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এফসি। কলকাতা লিগ নিয়েও এখন চলছে লড়াই। ইস্টবেঙ্গল, মোহনবাগান নাকি অন্য কোনও দল – কে জিতবে কলকাতা লিগ? তবে এসবের মধ্যেই একটা আশার আলো, সুব্রত কাপের মাধ্যমে কিশোর ফুটবলাররা বুঝিয়ে দিল যে ভবিষ্যৎ প্রজন্মও তৈরি হচ্ছে।