
কলকাতা : তিনি বর্তমানে বাংলা দলের কোচ। তবে এবার তাঁকে দেখা যাবে অন্য ভূমিকায়। তিনি, লক্ষ্মীরতন শুক্লা এবার ভারতীয় দলের কোচেদের তালিকায় নাম লেখালেন এক অন্য ভূমিকায়। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের কোচিং করতে দেখা যাবে লক্ষ্মীকে।
ঘোষণা হয়েছে ইরানি ট্রফির দল। আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইরানি ট্রফি। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে অবশিষ্ট ভারত। সেই অবশিষ্ট ভারতের হয়ে কোচিং করবেন লক্ষ্মী। দলের ক্যাপ্টেন ঋষভ পন্থ। এই দলের হয়ে খেলার সুযোগ আছে ৩ জন বঙ্গ সন্তানেরও। তাঁরা হলেন আকাশ দীপ, মুকেশ কুমার ও সুদীপ ঘরামী। ফলে ইরানি কাপের মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব থাকছে ক্রিকেটার ও কোচ—দুই ভূমিকাতেই। শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে হবে এই ইরানি ট্রফির ম্যাচ। এই ম্যাচে অবশিষ্ট ভারতের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে লক্ষ্মীরতন শুক্লাকে। দলের বোলিং কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়দের সতীর্থ হিসেবে পরিচিত দেবাশীষ মোহান্তি। তবে এই দলে ভারতের কোনও প্রধান কোচ নেই।
যদিও এখনও সরকারিভাবে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি, তবে শোনা গিয়েছে, খুব শীঘ্রই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাকে বেশ কয়েক বছর ধরে কোচিং করাচ্ছেন লক্ষ্মী। তাঁর কোচিংয়েই বাংলা দল রঞ্জি ট্রফির ফাইনাল খেলে। ইডেনে অনুষ্ঠিত সেই ফাইনালে বঙ্গ ব্রিগেডকে উড়িয়ে দিয়েছিল সৌরাষ্ট্র। এমনকি এবার, ২০২৫-২৬ মরশুমেও সেমিফাইনালে জম্মুর কাছে হার স্বীকার করতে হয় অনুষ্টুপদের।
ইরানি কাপের জন্য ঘোষিত অবশিষ্ট ভারতের দল –
ঋষভ পন্থ (অধিনায়ক), আয়ুষ দোসেজা, সুদীপ ঘরামী, আরিয়ান জুয়েল, সরফরাজ খান (সহ-অধিনায়ক), সনৎ সাংওয়ান, রবিচন্দ্রন স্মরণ, সারাংশ জৈন, অনুকূল রায়, মানব সুতার, আকাশ দীপ, মুকেশ চৌধুরী, মুকেশ কুমার, আরিয়ান পান্ডে, শিখর মোহন