
কলকাতা: শহরে আসার কথা থাকলেও জরুরি পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে আসা হল না ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার মাইকনের। তবে ভার্চুয়াল মাধ্যমে কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন ব্রাজিলের প্রাক্তন ডিফেন্ডার। কলকাতার মানুষের সঙ্গে দেখা করতে না পারে দুঃখপ্রকাশ করেন মাইকন। একই সঙ্গে ব্রাজিলের বিখ্যাত জোগো বোনিতো, ফুটবল ও তরুণ ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন তিনি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে মাইকন বলেন, “পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে কলকাতায় আসতে না পাড়ার জন্য আমি দুঃখিত। খুব শীঘ্রই কলকাতায় আসব। এই শহরের মানুষের সঙ্গে দেখা করতে পারলে আমার খুব ভাল লাগবে।” ফলে আপাতত দেখা না হলেও ভবিষ্যতে কলকাতায় আসার আশ্বাস দিয়েছেন তিনি। তরুণ ফুটবলারদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন মাইকন। তাঁর মতে, “একজন সফল ফুটবলার হতে গেলে ফুটবলের পাশাপাশি পড়াশোনার জ্ঞানও অর্জন করতে হবে। কারণ পড়াশোনা ও শিক্ষার গুরুত্ব অপরিসীম। এর সঙ্গে নিজের স্বপ্নের উপর সবসময় বিশ্বাস রাখা দরকার।”
কিং স্পোর্টস ম্যানেজমেন্টের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। কিং স্পোর্টস ম্যানেজমেন্টের বড় পরিকল্পনা হল ‘মিশন ২০৩৭‘। এই উদ্যোগের মাধ্যমে এমন ভারতীয় ফুটবলার তৈরি করতে চায় সংস্থা, যাঁরা ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতে পারবেন। সেই লক্ষ্যে তরুণ ফুটবলারদের ভাল প্রশিক্ষণ দেওয়া, প্রতিভা খুঁজে বের করা ও ফুটবলারদের নিয়মিত উন্নতির সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। ভারতীয় ফুটবলারদের আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়াই লক্ষ্য এই ম্যানেজমেন্টের। এমনকি, কলকাতার বিভিন্ন জায়গা থেকে ফুটবলার খুঁজবে এই সংস্থা।
ব্রাজিলের ফুটবলের ঐতিহ্য জোগো বোনিতো নিয়ে মাইকন বলেন, “এখন সময়ের সঙ্গে ফুটবলের ধরণ বদলেছে। ফুটবলের বিকাশ ঘটেছে। এখন টাচ ফুটবলের দিকে ঝোঁক বাড়ছে। এমনকি ফুটবলও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে।” এমনকি নিজের কেরিয়ারে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা নিয়ে একবাক্যে মাইকন স্বীকার করেছেন মেসির নাম। তাঁর কথায়, “মেসি এমন একজন ফুটবলার, যিনি মাইকনকে তাঁর কেরিয়ারে বারবার বেগ দিয়েছেন।”
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় অ্যাকাডেমি ও ছোট জায়গায় খেলা প্রতিভাবান তরুণদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে কলকাতার ছেলেরাও যে বড় জায়গায় যেতে পারেন, সেই সম্ভাবনাকে বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারত ও ব্রাজিলের ফুটবলারদের মধ্যে যোগাযোগ বাড়াতে বিশেষ কর্মসূচি চালু করা হবে। এর মাধ্যমে দুই দেশের খেলোয়াড়দের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও খেলার কৌশল সম্পর্কে একে অপরের কাছ থেকে শিখতে পারবেন। ব্রাজিলের ফুটবল প্রশিক্ষণের অভিজ্ঞতা ভারতীয় তরুণদের কাজে লাগবে। এর মাধ্যমে এদেশের ফুটবলারদের দক্ষতা বাড়বে ও আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে তাঁরা পরিচিত হবেন। পাশাপাশি খেলাধুলার ব্যবসা ও খেলোয়াড়দের পরিচালনার বিষয়েও নতুন উদ্যোগ নিতে চলেছে এই ম্যানেজমেন্ট। সংস্থার পরিকল্পনা রয়েছে স্পোর্টস বিজনেস ও রিপ্রেজেন্টেশন বিষয়ে একটি ডিপ্লোমা কোর্স চালু করার। এই কোর্সের মাধ্যমে আগ্রহীরা খেলোয়াড়দের পেশাগত জীবন, ক্রীড়া সংস্থায় কাজ ও স্পোর্টস ম্যানেজমেন্ট সম্পর্কে শিখতে পারবেন।