
রিয়াধ: সৌদি আরবের রাজধানী রিয়াধে গতকালই হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। এই কারণে এক ঘন্টা পিছিয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হয়েছিল উজবেকিস্তানের নেফচি ফারগানা ও আল নাসের। নির্ধারিত সময়ে ম্যাচ শুরুর আগেই রিয়াধের দিকে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
গতকাল স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগে রিয়াধে বিস্ফোরণের শব্দ শোনার খবর জানান সংবাদ সংস্থা এএফপি-র প্রতিনিধিরা। একই সময়ে শহরের বাসিন্দাদেরও মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। সেখানে তাঁদের শান্ত থাকতে, বাড়িতে অথবা নিরাপদ স্থানে থাকতে ও জানলা-দরজা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। এরপরেই সৌদি নেতৃত্বাধীন জোট সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে জানায়, হুথিদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই স্টেডিয়ামের ঘোষক দর্শকদের জানান ম্যাচ হবে। এক ঘন্টা দেরি করে শুরু হয় ম্যাচ।
যদিও ম্যাচে ৩-১ গোলে জিতেছে আল নাসের। ১টি গোল করেছেন রোনাল্ডো। ৩৩ মিনিটে গোল করেছেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৪২ মিনিটে গোল করেন সিআর সেভেন। এর ফলে তাঁর গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯৮১ তে। ৫১ মিনিটে আলিশার ওডিলভ গোল করেন ফারগানার হয়ে। ৭৮ মিনিটে ফারগানার ফুটবলার গফুরভ নিজের জালেই বল ঢুকিয়ে দেন ফলে তৃতীয় গোল পেয়ে যায় আল নাসের।
৯৮১ গোল করলেও দেশের হয়ে এই মুহূর্তে খেলতে পারবেন না সিআর সেভেন। নেশন্স লিগে পর্যাপ্ত খেলার সময় না পাওয়া নিয়ে নতুন কোচের সঙ্গে হওয়া মতবিরোধের জেরেই রোনাল্ডো জাতীয় শিবির ছেড়েছিলেন। সেই কারণেই শৃঙ্খলাভঙ্গের দায়ে তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। শনিবার ফেডারেশন জানিয়েছে, বিষয়টি তাদের তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া অবধি তার ফল গোপন রাখা হবে।