বিশ্বকাপের সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসন, নাম নেই বুমরার!

ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস এই বিশ্বকাপে ব্যাট ও বল, দু’দিকেই দারুণ পারফরম্যান্স করেছেন। ইংল্যান্ড দল খুব ধারাবাহিক ক্রিকেট খেলতে না পারলেও জ্যাকসের ইনিংস তাদের সেমিফাইনালে পৌঁছে দিতে বড় ভূমিকা নিয়েছে। টুর্নামেন্টে তিনি ‘ফিনিশার’এর ভূমিকায় দুর্দান্তভাবে ১৭৬.৫৬ স্ট্রাইক রেটে ২২৬ রান করেছেন। শুধু ব্যাটিং নয়, বল হাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পুরো টুর্নামেন্টে ৯টি উইকেট নিয়েছেন জ্যাকস।

বিশ্বকাপের সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসন, নাম নেই বুমরার!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Mar 06, 2026 | 4:14 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন চূড়ান্ত পর্বে। রবিবার, ৮ মার্চ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। তার আগেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বা ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারের জন্য আটজন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তবে অবাক করার মতো বিষয় হল, তালিকায় জায়গা পাননি ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরা। এই তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। অন্যদিকে ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসও এই তালিকায় অন্যতম বড় দাবিদার হিসেবে উঠে এসেছেন।

ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস এই বিশ্বকাপে ব্যাট ও বল, দু’দিকেই দারুণ পারফরম্যান্স করেছেন। ইংল্যান্ড দল খুব ধারাবাহিক ক্রিকেট খেলতে না পারলেও জ্যাকসের ইনিংস তাদের সেমিফাইনালে পৌঁছে দিতে বড় ভূমিকা নিয়েছে। টুর্নামেন্টে তিনি ‘ফিনিশার’এর ভূমিকায় দুর্দান্তভাবে ১৭৬.৫৬ স্ট্রাইক রেটে ২২৬ রান করেছেন। শুধু ব্যাটিং নয়, বল হাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পুরো টুর্নামেন্টে ৯টি উইকেট নিয়েছেন জ্যাকস। যার মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেট উল্লেখযোগ্য। অন্যদিকে ভারতের হয়ে সঞ্জু স্যামসনের পারফরম্যান্সও নজর কেড়েছে। টুর্নামেন্টের শুরুতে তিনি ভারতের প্রথম একাদশে ছিলেন না। কিন্তু অভিষেক শর্মার খারাপ ফর্মের কারণে ভারতীয় দলকে পরিবর্তন আনতে হয় এবং সেখানেই সুযোগ পান স্যামসন। এরপরই তিনি নিজের ব্যাট হাতে জবাব দেন।

গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন সঞ্জু। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪২ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। মাত্র চারটি ম্যাচ খেলেও তিনি ২৩২ রান করেছেন। স্ট্রাইক রেটে ২০১.৭, যা এই টুর্নামেন্টে অন্যতম সেরা ব্যাটিং পারফরম্যান্স। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জসপ্রিত বুমরার অনুপস্থিতি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি কাগজে-কলমে ১টি উইকেট নিলেও ম্যাচে তাঁর বোলিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে যেখানে গড় রানরেট ছিল ১২.৫, সেখানে বুমরা ৮.২০ ইকোনমিতে বল করে ইংল্যান্ডের রান আটকাতে বড় ভূমিকা নেন। পুরো টুর্নামেন্টে বুমরার ইকোনমি রেট ৬.৬২, যা এই বিশ্বকাপে সেরা। পাশাপাশি সাতটি ম্যাচে ১০টি উইকেট নিয়ে তার বোলিং গড় ১৫.৯০। এমন পারফরম্যান্স থাকা সত্ত্বেও তাঁকে মনোনয়নের তালিকায় না রাখায় অনেক ক্রিকেটপ্রেমীর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার, ফাইনালের আগে ঘোষিত এই তালিকা থেকে শেষ পর্যন্ত কে জিতে নেন বিশ্বকাপ ২০২৬ এর সেরা খেলোয়াড়ের সম্মান।