
স্পেন – ২ (ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো) : বেলজিয়াম – ১ (চার্লস)
লস অ্যাঞ্জেলেস: বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) এর বিশেষ তাস যদি কারও কাছে থেকে থাকে, তার অন্যতম প্রধান দল হতে পারে স্পেন (Spain)। প্রথমে পর্তুগাল (Portugal), এবার বেলজিয়াম (Belgium) – টানা দুই ম্যাচে দুইবার সুপার সাব হয়ে দুই বড় দলের বিদায় ঘটালেন মিকেল মেরিনো (Mikel Merino)। পর্তুগাল ম্যাচেও তাঁর গোলেই ছিটকে গিয়েছিলেন রোনাল্ডোরা (Cristiano Ronaldo), এবার কেভিন ডে ব্রুইনিদের (Kevin De Bruine) বিদায় ঘটল বিশ্বকাপ থেকে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মেরিনোর শেষ মুহূর্তের গোলেই বেলজিয়ামকে ২-১ হারাল স্পেন। একই সঙ্গে উঠে গেল শেষ চারেও। ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন।
প্রথমার্ধে শুরু থেকেই আক্রমণ শানিয়েছিল স্প্যানিশ বিভাগ কিন্তু ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতোই এবারও প্রাচীর হয়ে দাঁড়িয়ে রইলেন থিবু কুর্তোয়া। রিয়াল মাদ্রিদের এই গোলকিপার বারংবার আটকে দিচ্ছিলেন স্পেনের যাবতীয় আক্রমণ। তবে ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করতে সক্ষম হয় স্পেন। পেদ্রো পোরোর পাস থেকে গোলে শট মারেন দানি অলমো। তাঁর শট প্রথমে আটকে দিলেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি ফাবিয়ান রুইজ।
এর মধ্যে আবার গোল করে যায় বেলজিয়ামও। ৪১ মিনিটের মাথায় কেভিন ডে ব্রুইনির নিখুঁত ক্রসে মাথা ছুইঁয়ে গোল করে সমতা ফেরান চার্লস ডি কেটেলেয়ারে। এই গোলের ফলে প্রায় ৬৪৯ মিনিট পর গোল খেলেন স্প্যানিশ গোলকিপার উনেই সিমন।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ শানাতে থাকে দুই দল কিন্তু গোল করতে অক্ষম হয় দুই দলই। ৭১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বেলজিয়ামের গোলকিপার কুর্তোয়া। তাঁর বদলে মাঠে আসেন সেনে লামেন্স। ৮৪ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন মিকেল মেরিনো। নামার চার মিনিটের মধ্যেই জয়সূচক গোল পায় স্পেন। পাউ কুবার্সির দূরপাল্লার শট সম্পূর্ণ ক্লিয়ার করতে অক্ষম হন লামেন্স। সেই ফিরতি বলই তাঁর মাথার উপর দিয়ে গোল করে স্পেনকে এগিয়ে দেন মেরিনো। পর্তুগাল ম্যাচে করেছিলেন ৯০+১ মিনিটে গোল। আজ, শনিবার করলেন ৮৮ মিনিটে গোল। এবং এই গোল করে নেমেই ১১৫ সেকেন্ডের মধ্যে গোল করে রেকর্ড গড়লেন মেরিনো।
এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ চারে উঠে গেলেন ইয়ামালরা। এবার সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে স্পেন। দুই দলই দুরন্ত ফর্মে, ফলে সেমি ফাইনালে আরও এক দুর্দান্ত ম্যাচের অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আগামী ১৫ জুলাই, বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টা নাগাদ মাঠে মুখোমুখি হবেন ইয়ামাল ও এমবাপে, যে ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা।