
কলকাতা : আজ মহারণ। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএলের (ISL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। এই ম্যাচ একপ্রকার ‘ফাইনাল’ দুই দলের কাছে, কারণ যে জিতবে সেই আইএসএলের এই সংস্করণের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে লাল-হলুদ। আজকের ম্যাচে জিতলেই প্রথমবারের জন্য আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ পাবে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) ছেলেরা। তবে বেশ কিছু দুর্বলতা রয়েছে এই দলের, যা আজ ভোগাতে পারে ইস্টবেঙ্গলকে।
দুর্বলতা:-
১ ) মহেশ-শৌভিকের অনুপস্থিতি-
অস্কারের দলের বড় সমস্যা মাঝমাঠে নাওরেম মহেশ, সৌভিক চক্রবর্তী ও সাউল ক্রেস্পোর না থাকা। কার্ড সমস্যার কারণে নেই সৌভিক। চোটে কাবু সাউল।
২ ) অতিরিক্ত মিগুয়েল ভরসা-
অ্যাটাক ও ডিফেন্স – দুই ক্ষেত্রেই আজ ভরসার মুখ রশিদ ও মিগুয়েল। একদিকে, মোহনবাগানের ম্যাকলারেন যেন বল না পান, সেই দায়িত্ব নিতে হবে রশিদকে। আবার নিজেদের সুপারস্টার গোলমেশিন ইউসুফ ইজ্জেজারি যেন গোলের পাস পান, সেই বল বাড়াবেন মিগুয়েল।
৩ ) শেষ সময়ের ভুল-
শেষ মুহূর্তে গোল খায় ইস্টবেঙ্গল। এই রোগ দুই সিজন ধরে দলকে ভোগালেও সেই রোগের প্রতিষেধক খুঁজে পাননি লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। আজকের ম্যাচে ৮০ মিনিটের পর আরও ডিফেন্স শক্তিশালী করা উচিত অস্কারের। আজ তাই খুব সম্ভবত ৪ ডিফেন্ডারে খেলবেন লাল-হলুদ কোচ।
শক্তি:-
১) আক্রমণ-
প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে পছন্দ করেন লাল-হলুদ কোচ অস্কার। আজকের ম্যাচেও একই ফর্মুলা অ্যাপ্লাই করতে চলেছেন তিনি।
২) ইউসুফের ফর্ম-
ফর্মে রয়েছেন ইস্টবেঙ্গলের গোলমেশিন ইউসুফ ইজ্জেজারি। আজকের ম্যাচে তাঁর থেকে গোল চাইবেন লাল-হলুদ সমর্থকরা।
৩) জয় ও রাকিপের যুগলবন্দী-
দুই সাইড ব্যাক হিসেবে খেলতে পারেন জয় গুপ্ত ও মহম্মদ রাকিপ। জয় গুপ্তার ভারী চেহারা সমস্যা হয়ে দাঁড়াবে বিপক্ষের স্ট্রাইকারদের জন্য। সঙ্গে মাঝ মাঠে মিগুয়েলের ডিফেন্স চেরা পাস, যা গোলের সুযোগ করে দেবে লাল-হলুদের।
৪) ফরোয়ার্ড লাইন-
আক্রমণ যথেষ্ট শক্তিশালী। ইউসুফ, বিপিন, নন্দকুমার যেকোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টাতে পারেন। চলতি বছরে ১১ ম্যাচে ২৭ গোল করেছে যেটা এই বছর যে কোনও দলের হয়ে সর্বোচ্চ।
প্রায় ৬ বছর আইএসএল খেললেও এখনও কোনোদিন ট্রফি পায়নি ইস্টবেঙ্গল। এই বছর আইএসএল ইতিহাসে সবথেকে ভাল জায়গায় দাঁড়িয়ে লাল-হলুদ। একইসঙ্গে ডার্বিতে কোনওদিন মোহনবাগানকে হারাতেও পারেনি লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। মোট ৯ ম্যাচ হেরেছে, ১ ম্যাচ জিতেছে লাল-হলুদ। আজ এই লজ্জার অতীত বদলাতে চাইবেন অস্কার। সুযোগ তো আর বারবার আসেনা, একথা তাঁর থেকে ভাল কে না জানে।