T20 World Cup, IND vs ENG: বৈচিত্র্য বাড়াও… ইংল্যান্ড ম্যাচের আগে বরুণ বার্তা কুম্বলের!

ভারতের প্রাক্তন ক্যাপ্টেন অনিল কুম্বলের কথায়, “হয়তো বিশ্লেষকরা দেখাতে পারবে, কতবার বরুণ ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে বল বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার মনে হয় সেটা খুব বেশি দেখা যাবে না। যদি ও মাঝে মাঝে বল বাইরে নিয়ে যায়, তাহলে পরের বলটা যখন আবার ভিতরে ঢুকবে, তখন সেই বল ব্যাটারের জন্য অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠবে।”

T20 World Cup, IND vs ENG: বৈচিত্র্য বাড়াও... ইংল্যান্ড ম্যাচের আগে বরুণ বার্তা কুম্বলের!
Image Credit source: Getty Images

| Edited By: Purvi Ghosh

Mar 05, 2026 | 5:50 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতের ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। তাঁর মতে, ডান হাতি ব্যাটারদের বিরুদ্ধে বোলিং আরও কার্যকর করতে বরুণকে বৈচিত্র্য বাড়াতে হবে। মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের আগে এক আলোচনায় কুম্বলে বলেন, বরুণ চক্রবর্তী সাধারণত এমন বল করে, যা ডান হাতি ব্যাটারের ভিতরে ঢুকে আসে। কিন্তু ব্যাটাররা এখন সেই বলের জন্য প্রস্তুত থাকে। তাই বল বাইরে রাখতে পারলে সেটি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বিপক্ষ দলের জন্য়।

ভারতের প্রাক্তন ক্যাপ্টেন অনিল কুম্বলের কথায়, “হয়তো বিশ্লেষকরা দেখাতে পারবে, কতবার বরুণ ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে বল বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার মনে হয় সেটা খুব বেশি দেখা যাবে না। যদি ও মাঝে মাঝে বল বাইরে নিয়ে যায়, তাহলে পরের বলটা যখন আবার ভিতরে ঢুকবে, তখন সেই বল ব্যাটারের জন্য অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠবে।” তিনি আরও বলেন, অনেক সময় ব্যাটাররা বরুণের বল ঠিকভাবে খেলতে পারে না। তবুও এখন মনে হচ্ছে অধিকাংশ ব্যাটার ধরে নিচ্ছে, বল ভিতরে ঢুকবে। সেই অনুযায়ী শট খেলছে। তাই ব্যাটারদের বিভ্রান্ত করতে বলের দিক ও গতি পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এখন পর্যন্ত সাতটি ম্যাচে তিনি ১২টি উইকেট তুলে নিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন। তাঁর গড় মাত্র ১৫.৩৩। এই টুর্নামেন্টে স্পিনার হিসেবে অন্যতম সেরা পারফরম্যান্স। ভারত সেমিফাইনালে পৌঁছেছে, সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সেই ম্যাচে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ব্যাটিং ভারতের জয়ে বড় ভূমিকা রাখে। তিনি মাত্র ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। যেখানে ছিল ১২টি চার ও চারটি ছক্কা। সঞ্জু স্যামসনের সেই ইনিংসের সৌজন্যে ভারত পাঁচ উইকেট থাকতেই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বোলিং আক্রমণে বরুণ চক্রবর্তীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্বলের পরামর্শ কাজে লাগিয়ে যদি বরুণ বলের ভ্যারিয়েশন আরও বাড়াতে পারেন, তবে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের জন্য তিনি বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।