FIFA World Cup 2026: একদিনে চার ড্র, বড় দলগুলিকে আটকে চমক দেখাল ইরান, সৌদি আরব, কেপ ভার্দের মতো দেশগুলি!
FIFA: দিন নিউজিল্যান্ড দলে ছিলেন একজন ভারতীয়। পঞ্জাবি পরিবারে জন্মানো সরপ্রীত সিংহ আজ ছিলেন কিউয়ি দলে। বছর ২৭ এর সরপ্রীত হলেন এই বিশ্বকাপে খেলতে নামা দ্বিতীয় ফুটবলার। তাঁর আগে আর এক ভারতীয়, নিশান ভেলুপিল্লাই খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে।

আমেরিকা : বিশ্বকাপের (FIFA World Cup 2026) একদিনে সব ম্যাচই ড্র হয়েছে, এমন শেষ কবে হয়েছে, মনে পড়ছে না। নাহলে ইরান (Iran) থেকে শুরু করে বেলজিয়াম (Belgium), উরুগুয়ে (Uruguay) – সবাই ড্র করে? যদিও এর মধ্যে বলতেই হয় ইরানের কথা। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির দিকে নজর ছিল সবার। এবং নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম ম্যাচেই বেশ ভাল ফুটবল খেললেন ইরানের খেলোয়াড়রা। মোট ২-২ গোলে ড্র হল ম্যাচ। এর মধ্যে দুই বারই পিছিয়ে পড়েছিল ইরান দল।
ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন এলিজা জাস্ট। ৩২ মিনিটে ইরানের হয়ে সমতা ফেরান রামিন রেজাইয়ান। প্রথমার্ধে দুই দলই গোলের চেষ্টা করলেও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আবার ৫৫ মিনিটে গোল করেন জাস্ট। ৯ মিনিট পর আবার সমতা ফেরায় ইরান। মহম্মদ মোহেবির গোলে ২-২ ড্র করে এই মধ্যপ্রাচ্যের দেশটি। এদিন নিউজিল্যান্ড দলে ছিলেন একজন ভারতীয়। পঞ্জাবি পরিবারে জন্মানো সরপ্রীত সিংহ আজ ছিলেন কিউয়ি দলে। বছর ২৭ এর সরপ্রীত হলেন এই বিশ্বকাপে খেলতে নামা দ্বিতীয় ফুটবলার। তাঁর আগে আর এক ভারতীয়, নিশান ভেলুপিল্লাই খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে।
একই সঙ্গে আজ ড্র হল বেলজিয়াম বনাম মিশর ম্যাচ ও সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচেরও। ২০ মিনিটে সালাহর বাড়ানো বল থেকে গোল করে যান মিশরের এমাম আশুর। আশুরের জোরালো শট বেলজিয়ান কিপার থিবু কুর্তোয়াকে পরাস্ত করে ঢুকে যায় গোলে। ৬৬ মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফেরাল বেলজিয়াম। এরপরেই এই ম্যাচে দুই দলের ফরোয়ার্ডরা আক্রমণ শুরু করলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় আর গোল করা সম্ভব হয়নি।
উল্টো দিকে আবার উরুগুয়েও আটকে গেল সৌদি আরবের কাছে। ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে অভিযান শুরু করেছিল সৌদি। এবারেও উরুগুয়ের মতো হেভিওয়েট দলকে আটকে দিল তারা। ৪১ মিনিটে সৌদিকে এগিয়ে দেন আব্দুল্লা আল আমিরি। ৮০ মিনিটে উরুগুয়ের হয়ে সমতা ফেরান ম্যাক্সি আরাহুও। ১-১ ফলে শেষ হল এই ম্যাচও। ফলে একদিনে ৪ ম্যাচের ৪টি ম্যাচেই কোনো নিষ্পত্তি হল না, যা অভাবনীয়।
