
কলকাতা: গতকালই শহরে হাইভোল্টেজ ম্যাচ খেলে গিয়েছে ব্রাজিল। সেই ম্যাচ ৪-০ জিতেছেন ভিনিসিয়াসরা। এর মধ্যেই আবার উন্মাদনা শুরু হয়েছে উরুগুয়ে দলকে নিয়ে। আগামী মঙ্গলবার উরুগুয়ে খেলবে এই ভারতের বিরুদ্ধেই। ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট অ্যাপে মাত্র ১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট। তবে তার আগেই গোটা শহরে ‘সিটি ট্যুর’ করলেন ফুটবলাররা।
মঙ্গলবার মেগা ম্যাচ। তার আগেই আজ সম্পূর্ণ দলকে বিশ্রাম দেন কোচ দিয়েগো ফোরলান। তাই শহর পরিদর্শন করেই রবিবারের দিন কাটাল উরুগুয়ে দল। গোটা কলকাতা শহর ঘুরে দেখলেন ডারউইন নুনেজরা। সেই ছবিই সোশাল মিডিয়াতে আপলোড করেছে উরুগুয়ে দল। যেমন, ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে গিয়েছিলেন রোনাল্ড আরাউহোরা। একই সঙ্গে ইডেন গার্ডেন্স, সেন্ট পলস ক্যাথিড্রালেও যেতে দেখা যায় উরুগুয়েকে। ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন ফুটবলাররা। একই সঙ্গে সেন্ট পলসে গিয়ে সময় কাটাতে ও ছবি তুলতেও দেখা যায় সবাইকে। পুরো ক্যাথিড্রাল, ভিক্টোরিয়া ঘুরে দেখেন ফোরলানরা। এমনকি ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে গিয়ে ক্রিকেটও খেলেন নুনেজরা। ব্যাট করেন নুনেজ, বল করেন লুকাস তোরেরা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে উরুগুয়ে লিখেছে, “ইডেন গার্ডেন্সে গিয়ে ভারতের বহুল প্রচলিত খেলা, ক্রিকেট খেললাম।”
এর পাশাপাশিই আরও বড় খবর আছে সমর্থকদের জন্য। মাত্র ১৯৯ টাকাতে পাওয়া যাচ্ছে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট। ডিস্ট্রিক্ট অ্যাপ ও ওয়েবসাইট খুললেই পাওয়া যাচ্ছে এতো কমদামে ম্যাচ টিকিট। ১৯৯ টাকাতে পাওয়া যাবে C2 গ্যালারি, যেখান থেকে বেশ স্পষ্ট দেখা যাবে ফুটবলারদের। একই সঙ্গে যাঁরা মেসি ইভেন্টের টিকিট কেটেও বঞ্চিত হয়েছিলেন, তাঁদের ফ্রি টিকিট দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তার মধ্যেই উরুগুয়ে দলকে নিয়ে রীতিমতো সাজোসাজো রব শহরে।