
ম্যানচেস্টার : ৩৭ বছর। এই ৩৭ বছরে অনেকটাই বদলে গিয়েছে দুনিয়া। এখন সবকিছুই ডিজিট্যাল। সবকিছুই নিউ নরম্যাল। তবে ৩৭ বছর পর আবার রেকর্ড ভাঙল ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team)। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে ভারতের সর্বকালের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক করলেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৫ বছর ৯৯ দিন বয়সী এই ক্রিকেটার ভারতের তরুণতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামলেন ওল্ড ট্র্যাফোর্ডে। কিন্তু, তাঁর অভিষেক একদমই সুখকর হল না।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড রয়েছে পাকিস্তানের হাসান রাজার। ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ১৪ বছর ২২৭ দিন বয়সে অভিষেক করেছিলেন হাসান। ২০২০ সালে রোমানিয়ার মারিয়ান ঘেরাসিম মাত্র ১৪ বছর ৯৯ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন। এবার সেই তালিকায় নাম জুড়ল বৈভবেরও। আইপিএল ২০২৫ ও ২০২৬ এ ধারাবাহিক ভাল পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছিলেন তিনি। তাই তাঁকে সুযোগ দেওয়া হয়েছিল সিনিয়র ক্রিকেটেও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে থাকলেও একটিও ম্যাচে তাঁকে খেলানো হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর অবশেষে সুযোগ দেওয়া হল বৈভবকে। যদিও প্রথম ম্যাচ স্মরণীয় রাখতে পারলেন না তিনি। ১০ বলে ১৪ রান করেই আউট হয়ে যেতে হয়ে তাঁকে। জোফ্রা আর্চারকে ৬ মেরে ইনিংস শুরু করলেও সেই ইনিংস বেশিক্ষন টেকেনি।
The start of a special chapter ✨
A proud moment as Vaibhav Sooryavanshi receives his #TeamIndia cap from Vice-Captain Tilak Varma 🧢
Updates ▶️ https://t.co/WYfL8tAm58 #ENGvIND pic.twitter.com/zpLtixYDgM
— BCCI (@BCCI) July 4, 2026
১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে করাচি স্টেডিয়ামে অভিষেক হয়ে সচিনের। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর ২০৫ দিন। তাঁর সঙ্গেই সেই ম্যাচে ডেবিউ করেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। সেই ইনিংসে সচিন করেছিলেন ২৪ বলে ১৫ রান। এর এক মাসের মধ্যেই আবার পাকিস্তানেই ওয়ান ডে ক্রিকেটেও অভিষেক হয় সচিনের।
এদিন বৈভবকে টুপি দেন তিলক ভার্মা। গোটা ভারতীয় দল তাঁকে পিঠে হাত দিয়ে অভিবাদন জানায়। যদিও বা, অভিষেকে যেমন চললেন না বৈভব, তেমনই ব্যর্থ হল ভারতও। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে গেলেন শ্রেয়সরা। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে ভারত। ২৪ বলে ৪৩ রান করেন অভিষেক শর্মা। ঈশান কিষানের ব্যাট থেকে আসে ৪৯ রানের ইনিংস। জবাবে এক ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে ফেলে ইংল্যান্ড। ৪৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন জেকব বেথেল। ১৫ বলে ৩৯ রান করেন হ্যারি ব্রুক। ৪ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন অর্শদীপ সিং। এই নিয়ে শেষ ৪ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচেই হারল ভারত। এই মুহূর্তে ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ এগিয়ে। এখনও বাকি ৩ ম্যাচ। সেই ৩ ম্যাচ কি ভারত জিততে পারবে, সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।