
আহমেদাবাদ : আইপিএলের (IPL 2026) আজ সমাপ্তি। আজ ফাইনালে মুখোমুখি দুই দল, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও গুজরাট টাইটান্স (Gujrat Titans)। দুই দলই অতীতে চ্যাম্পিয়ন হয়েছে একবার করে। আজ দুই দলই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছে। আজ, রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) যখন মুখোমুখি হবেন রজত পাতিদার (Rajat Patidar) ও শুবমান গিল (Shubman Gill), তখন সমর্থকদের মনে ঘুরতেই পারে অন্য একটা চিন্তা। যদি আজ বৃষ্টিতে আইপিএল ফাইনাল ভেস্তে যায়, তাহলে কী হবে?
২০২৩ আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাট কিংস। সেই ম্যাচে প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গিয়েছিল। খেলা আবার হয়েছিল দ্বিতীয় দিন। শেষ ওভারে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। তবে এই বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের জন্য আগে থেকেই বিসিসিআই বিকল্প রাস্তা বের করে রেখেছে। ফাইনালের জন্যই রিজার্ভ ডে রেখেছে বিসিসিআই। যদি কোনও কারণে আজ ম্যাচ শুরু না করা যায়, তাহলে আগামীকাল, সোমবার ম্যাচ খেলা হবে। বা যদি, আজ খেলা শুরু হওয়ার পর খেলা শেষ না হয়, তাহলে আগামীকাল বাকি খেলা হবে। ফাইনালের জন্যই রিজার্ভ ডে রেখেছে বিসিসিআই। অর্থাৎ, আজ যে জায়গাতে খেলা শেষ হবে, আগামীকাল সেখান থেকেই খেলা শুরু হবে। তবে এই দুই দিনেও যদি কোনোভাবে আজ ম্যাচ শেষ না করা যায়, তাহলে লিগ পর্যায়ে এক নম্বরে থাকার কারণে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে আরসিবিকে। গ্ৰুপ পর্বে এক নম্বরে ছিলেন বিরাট কোহলিরা, দুই নম্বরে ছিলেন গিলরা।
তবে আবহাওয়া বিভাগ জানাচ্ছে, আজ সন্ধ্যে থেকে রাত অবধি টেম্পারেচার থাকবে ৩০ থেকে ৩৫ ডিগ্রির কাছাকাছি। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা খুব কম। ফলে আজ আহমেদাবাদে ২০-২০, মোট ৪০ ওভারই খেলা দেখতে পাবেন দর্শকরা। আজ যে দলই জিতবে, সেই দলই দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হবে। ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। আজ জিতলে পরপর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার অনন্য নজির গড়বেন আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার। মুম্বইয়ের রোহিত শর্মা ও চেন্নাইয়ের এম এস ধোনির সঙ্গে একই আসনে বসার সুযোগ পাবেন এই মধ্যপ্রদেশের ব্যাটার।