
আল আমিরাত: গুজরাট সাধারণত হীরে, পোশাকের জন্য বিখ্যাত। কিন্তু আজ, শনিবার আল আমিরাতের মাঠে যেভাবে হারা ম্যাচ ভারতকে জেতালেন মোহিত উলভা, তাতে হীরের তালিকায় আরও একটি নয়া সংযোজন সৌরাষ্ট্রের এই তনয়। পাকিস্তানকে আজ অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপে ১ উইকেটে হারাল ভারত। পাকিস্তানের ৩৩৮ রান তাড়া করতে নেমে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেখান থেকেই দুর্দান্ত কামব্যাক। প্রথমজন মানল চৌহান, যিনি ৩২ বলে ৪৭ করে শেষ মুহূর্তে ভারতের আশা বাঁচিয়ে রেখেছিলেন। আর একজন মোহিত উলভা, যাঁর ব্যাটিং বিক্রমে প্রায় হারা ম্যাচ নিজের পকেটে পুরল ভারত।
কে এই মোহিত উলভা?
২০০৭ সালের ৩০ নভেম্বর গুজরাটের সৌরাষ্ট্রে জন্ম মোহিতের। ডানহাতি মিডিয়াম পেসার হওয়ার পাশাপাশি তিনি একজন ডানহাতি ব্যাটারও। গ্রামের মাঠে টেনিস বল ক্রিকেট দিয়ে তাঁর ক্রিকেটজীবনের শুরু। পরবর্তীকালে সৌরাষ্ট্রের বয়সভিত্তিক দলে সুযোগ পান তিনি। জামনগরের ক্রিকেট বাংলো অ্যাকাডেমিতে মহেন্দ্র সিং চৌহানের অধীনে প্রশিক্ষণও নেন মোহিত। উল্লেখযোগ্যভাবে, এই একই কোচ আবার রবীন্দ্র জাদেজাকেও প্রশিক্ষণ দিয়েছিলেন। আজ বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে দেশের নামোজ্জ্বল করলেন মোহিত।
টুইট করে শুভেচ্ছা সেহবাগের-
ভারতের এই জয়ে উল্লসিত প্রাক্তন ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেহবাগ। সোশাল মিডিয়াতে পোস্ট করে বীরু লিখেছেন, “অসাধারণ ম্যাচ! অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেওয়া সত্যিই সাহস, আত্মবিশ্বাস ও লড়াইয়ের পরিচয়। এই তরুণ চ্যাম্পিয়নদের জন্য গর্বিত। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে উজ্জ্বল, তা আরও একবার প্রমাণ করল তারা।”
তবে বাবা টুইট করলেও বাবার সঙ্গে কোনও কথাই হয়নি ছেলে আর্যবীরের। আজ ৬১ বলে ৫৮ রান করেছেন তিনিও। ম্যাচের পর তিনি বলেন, “আমাদের খালি একটা জিনিস মনে হয়েছিল, যে আমরা এই রান তুলতে পারি। তবে একটা কথা দলের অন্দরে বলা হয়েছিল, কাউকে না কাউকে ক্রিজে টিকে থাকতে হবে। আমি এখনও বাবার সঙ্গে কথা বলিনি। পরে কথা বলব।”
২৫২/৮ থেকে যে প্রবল পরাক্রমী ব্যাটিং করল ভারত, তা দেখে বিস্ময় যেন কাটছে না সমর্থকদের। ভারতের বড়রা তো শেষ ১০ বছরে মাত্র ২টি ম্যাচ বাদ দিয়ে (২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) সবেতেই পাক বধ করেছেন। এবার সেই তালিকায় নয়া মাইলফলক জুড়লেন ভারতের ছোটরাও। তবে পরিসংখ্যান যাই বলুক, আজ একটা কথা প্রমাণ হল আবার। ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময় উত্তেজক!