
কলকাতা: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল…’ এই কথাটি শুনতে যত ভাল লাগে, বাস্তব তার থেকে অনেকটাই আলাদা। তাই এই রাজ্যে আজ ফুটবল মাঠ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। কারণ? মাঠে ক্রিকেট খেলানো হবে। সেই ঘটনাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলার ফুটবলের অসীম দুরবস্থাকে। কিন্তু সবসময় কী সব গল্পের ‘স্যাড স্টোরি’ থাকে? কিছু গল্প তো ম্যাজিকও হয়। খড়দহের গৌতম কুজুরের ঘটনাও তো তাই।
ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার গৌতম কুজুর বিগত ১৩-১৪ বছর ধরে প্র্যাকটিস করাচ্ছিলেন খড়দহের বন্দিপুরের মাঠে। সম্পূর্ণ বিনামূল্যে ছোট ছোট ফুটবলারদের ট্রেনিং করাচ্ছিলেন গৌতম। কিন্তু দিন কয়েক আগেই তাঁকে নির্দেশ দেওয়া হয় এই মাঠে আর ট্রেনিং করানো যাবে না কারণ মাঠে ক্রিকেট খেলা হবে। এই ঘটনাটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন গৌতম। ঝড় উঠে গিয়েছিল সোশাল মিডিয়াতে। প্রশ্ন উঠেছিল, কেন বারবার ফুটবলেরই গলা টিপে ধরা হবে? কিন্তু পাশে দাঁড়িয়েছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাস। তিনি গৌতমের সমর্থনে একটি ভিডিও পোস্ট করেন ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র হস্তক্ষেপ চান।
গতকাল একটি ভিডিও পোস্ট করেছেন প্রবীর। যেখানে তাঁকে দেখা যাচ্ছে গৌতমের সঙ্গে ও প্রবীরের কথা অনুযায়ী, তিনি ক্রীড়ামন্ত্রীকে হস্তক্ষেপ করার কথা বলার পর ক্রীড়ামন্ত্রী নিজে প্রবীরকে ফোন করেন ও বিষয়টি দেখার আশ্বাস দেন। একই সঙ্গে প্রায় ৫০টিরও বেশি মাঠ থেকে খেলার অফার দেওয়া হয়েছে গৌতমকে। বর্তমানে বড়বাগান আদিবাসী ক্লাবে খেলানোর সুযোগ পেয়েছেন গৌতম। এরপরই প্রবীর ধন্যবাদ জানান ক্রীড়ামন্ত্রীকে। একই সঙ্গে এটি ফুটবলের জয় বলেও উল্লেখ করেন প্রবীর। তবে গৌতম কুজুরের এই ঘটনা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল, ফুটবলের অবস্থানটা ঠিক কোথায়। এমনি এমনি কি দেশের ফুটবল দলের স্থান ১৩৮ নম্বরে?