
কলকাতা : বাকি আর হাতে গোনা ৩ দিন। তারপরেই শহরের বুকে খেলতে নামবে ব্রাজিল ফুটবল দল। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে পায়ে বল নাচাতে দেখা যাবে ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, ড্যানিলোদের। আগামী ৩ তারিখ অর্থাৎ শনিবার সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। এই ম্যাচ নিয়েই সাজো সাজো রব যুবভারতী জুড়ে। স্টেডিয়ামে একাধিক পরিবর্তন করা হচ্ছে। তার মধ্যেই ব্রাজিলের ড্রেসিংরুম ঘুরে দেখল টিভি৯ বাংলার ক্যামেরা।
এই ম্যাচ উপলক্ষে সেজে উঠছে কলকাতার যুবভারতী স্টেডিয়াম। অতীতে এই স্টেডিয়ামে খেলে গিয়েছেন লিও মেসি, অলিভার কানরা। এই মাঠেই এসেছিল বায়ার্ন মিউনিখ দল, আর্জেন্টিনা। আবার এই মাঠেই পা পড়তে চলেছে ব্রাজিলের। দেখা গেল, ইতিমধ্যেই ড্রেসিংরুমকে নয়াভাবে সাজানো হচ্ছে। চলছে ড্রেসিংরুমের প্লেয়ারদের জায়গা তৈরি। প্রত্যেক প্লেয়ারের মুখ ও ছবি দিয়েই তাঁদের ড্রেসিংরুম সাজাচ্ছেন কর্মীরা। ড্রেসিংরুমে প্রত্যেকের বসার জায়গাতেই বসছে ছবি। ভিনিসিয়াস, এন্ড্রিক ও রাফিনহা – এই তিনজনের বসার জায়গা একসঙ্গে পরপর রাখা হয়েছে। প্রথমে ভিনি, তারপর এন্ড্রিক ও শেষে রাফিনহা। এই তিনজনের ড্রেসিংরুমের জায়গা নিয়ে বেশ তৎপর ড্রেসিংরুম সাজাতে থাকা কর্মীরা। ড্রেসিংরুমের বর্ডার করা হয়েছে আকাশি রঙের। বাকিটা সাদা। এমনকি, কোন খেলোয়াড়ের পর কোন খেলোয়াড়ের বসার জায়গা থাকবে, তা ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেই ঠিক করেছে ফেডারেশন। শুধু ড্রেসিংরুমই নয়, মাঠের যাবতীয় বদল ঘটছে এই কয়েকদিনের মধ্যেই। এন্ট্রি, বসার সিট, পানীয় ও শৌচ ব্যবস্থা – সবই উন্নতমানের করা হচ্ছে।
একই সঙ্গে জানা গিয়েছে, ম্যাচের আগের দিন অর্থাৎ আগামী ২ অক্টোবর, শুক্রবার ব্রাজিল, উরুগুয়ে দলের সঙ্গে নৈশভোজে বসবে ভারতের পুরুষ, ও মহিলা দল। কলকাতার এই মাঠেই আবার রাশিয়ার মহিলা দলের সঙ্গে থাকবে ভারতের মহিলা দলের ম্যাচ। শোনা গিয়েছে, এই নৈশভোজে উপস্থিত থাকতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মাঠে খেলাও দেখতে পারেন মুখ্যমন্ত্রী। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। ভারতীয় দলের ফুটবলারদের কাছে এই ম্যাচ একটি খুব ভাল সুযোগ, নিজেদের শক্তি প্রদর্শনের জন্য। তবে তার আগে যেভাবে একাধিক বদল ঘটছে যুবভারতী স্টেডিয়ামে, তা দেখে আশা করাই যায়, ৩ তারিখ একটি দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছে বঙ্গ ক্রীড়াপ্রেমীরা।