আপনার Aadhaar নম্বর দিয়ে বাজার থেকে SIM কার্ড তুলছে জালিয়াতরা! হাতেনাতে ধরার উপায়টা জেনে নিন
Aadhaar Card নিয়ে এবার অত্যন্ত সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে। তার কারণ, ছাপোষা সাধারণ মানুষের Aadhaar Number ব্যবহার করে বাজার থেকে SIM তুলছে জালিয়াতরা। তাই আপনার আধার কার্ড ব্যবহার করেও কোনও সিম তোলা হয়েছে কি না, তা জেনে নিন।

Aadhaar News: আজকাল মোবাইলের জন্য SIM কার্ড পেতে Aadhaar Card দেখাতেই হবে। প্রত্যেক টেলিকম অপারেটর তার গ্রাহকদের নতুন SIM কার্ড ইস্যু করে আধার তথ্য ব্যবহার করে। প্রত্যেক ভারতীয়র জন্য আধার কার্ড এমনই নানাবিধ কারণে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হয়ে গিয়েছে। আর যা জরুরি, তার নিরপত্তা বিষয়ক একাধিক হুমকিও থাকবে। শুধু আধার কেন, যে কোনও জরুরি ডকুমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা সত্য। সেই কারণেই, কারও সঙ্গে কখনওই আপনার Aadhaar নম্বর বা আধার কার্ড সংক্রান্ত যে কোনও তথ্য শেয়ার করা উচিত নয়। জালিয়াত সবসময়ই আপনার গলদের সন্ধানে রয়েছে। সুযোগ পেলেই সে থাবা বসাতে চলে আসবে।
এখন প্রশ্ন হচ্ছে, টেলিকম কোম্পানিগুলি কেন SIM কার্ড ইস্যু করতে Aadhaar নম্বরের শরণাপন্ন হয়? একটাই উদ্দেশ্য— কোনও SIM কার্ড থেকে যদি বেআইনি কাজকর্ম হয়, তাহলে তা যাতে সহজে ধরা যায়। এখন আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ যদি SIM কার্ড তোলে, আর সেই SIM Card ব্যবহার করে যদি অপরাধমূলক কোনও কাজকর্ম হয়, তাহলে কত বড় বিপদ হতে পারে, বুঝতে পারছেন? জালিয়াতদের খপ্পর থেকে বাঁচতে এটাও তো সম্ভব নয় যে, বারবার চেক করা যে কতগুলো SIM বাজার থেকে তোলা হয়েছে আপনার Aadhaar Number ব্যবহার করে। সরকারি আইন অনুযায়ী, একজন গ্রাহকের নামে বা তাঁর আধার কার্ড ব্যবহার করে বাজার থেকে যদি নয়টি SIM রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে সেই গ্রাহকের কাছে একটি SMS পাঠানো হয়।
কেন্দ্রের টেলিকম ডিপার্টমেন্ট সম্প্রতি টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজ়িউমার প্রোটেকশন (TAFCOP) চালু করেছে। একজন মোবাইল ব্যবহারকারীর নামে অর্থাৎ তাঁর Aadhaar কার্ড ব্যবহার করে কতগুলি SIM Card বাজার থেকে তোলা হয়েছে, তাই খুব সহজে জানিয়ে দিতে পারে TAFCOP। এটি আসলে একটি সরকারি ওয়েব পোর্টাল, যেখান থেকে এই কাজটি আপনি খুব সহজেই করে নিতে পারবেন। TAFCOP ওয়েবসাইট থেকে আপনি কীভাবে চেক করবেন যে, আপনার আধার নম্বর দিয়ে বাজার থেকে কতগুলি সিম কার্ড তোলা হয়েছে, সেই পদ্ধতিটাই জেনে নিন।
আপনার Aadhaar নম্বরে কতগুলি SIM লিঙ্ক করা রয়েছে, কীভাবে বুঝবেন
* প্রথমেই আপনাকে যেতে হবে TAFCOP-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.tafcop.dgtelecom.gov.in)।
* একটা বক্স দেখানো হবে আপনার সামনে, সেখানে মোবাইল নম্বরটি দিয়ে দিন।
* তারপরে ‘Resquest OTP’ ট্যাবে ক্লিক করুন।
* আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে OTP পেয়েছেন, তা ওই বক্সটায় দিয়ে দিন।
* এবার আপনাকে দেখানো হবে, কতগুলি SIM লিঙ্ক করা রয়েছে আপনার Aadhaar নম্বর দিয়ে। এখান থেকেই আপনি বুঝতে পারবেন, কতগুলি সিম কার্ড তোলা হয়েছে আপনার আধার কার্ড ব্যবহার করে।
ওই লিস্ট থেকে আপনি যদি কোনও ভুয়ো SIM দেখতে পান, তাহলে তা ব্লকও করতে পারেন। আবার এই পোর্টাল থেকেই আপনি কিছু এমন SIM Card-ও সরিয়ে দিতে পারেন, যেগুলি আধার কার্ডের সঙ্গে লিঙ্কড অথচ আপনি আর ব্যবহার করেন না। এছাড়াও, এই পোর্টাল যে আপনাকে শুধুই নির্ভরযোগ্য তথ্য দেবে এমনটা নয়। সেই সঙ্গেই আবার দেশবাসীকে যে কোনও প্রকারের ডিজিটাল জালিয়াতি থেকেও সুরক্ষিত রাখতে পারে প্ল্যাটফর্মটি। আপনার Aadhaar Card-এর সঙ্গে লিঙ্কড রয়েছে এমন কোনও মোবাইল নম্বর, যা আপনি ব্যবহার করেন না, তা যদি রিপোর্ট করেন, শীঘ্রই তা বন্ধও করে দেওয়ার বন্দোবস্ত করবে প্ল্যাটফর্মটি।
