রাস্তা কম, গর্ত বেশি! এই রাস্তায় গেলে নাড়িভুড়ি হজম হয়ে যাবে…
Ghatal Road: ২০১৯ সালে এই রাস্তা তৈরি হওয়ার কয়েক মাস পর থেকে বেশ কয়েক বছর ধরে বেহাল দশা। এই রাস্তা দিয়ে নিত্যদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত, পাশাপাশি হুগলি জেলার মানুষ এই রাস্তা দিয়ে ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালে যায় চিকিৎসার জন্য।
বেহাল পিচ রাস্তায় বারেবারে ঘটছে দুর্ঘটনা, রাস্তা মেরামতের দাবিতে একাধিকবার প্রশাসনিক বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও আজ পর্যন্ত হয়নি কোনও সুরাহা। উপপ্রধানের অভিযোগ, গ্ৰাম পঞ্চায়েত বিজেপির দখলে, তাই রাস্তা মেরামতের উদ্যোগ নেয়নি প্রশাসন, সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের।
এই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের কপাটিয়া পোল থেকে রত্মেশ্বরবাটি হয়ে শ্যামসুন্দরপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার প্রধানমন্ত্রী গ্ৰামীণ পিচ রাস্তার। ২০১৯ সালে এই রাস্তা তৈরি হওয়ার কয়েক মাস পর থেকে বেশ কয়েক বছর ধরে বেহাল দশা। এই রাস্তা দিয়ে নিত্যদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত, পাশাপাশি হুগলি জেলার মানুষ এই রাস্তা দিয়ে ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালে যায় চিকিৎসার জন্য। এই রাস্তায় কয়েকদিন আগে রত্নেশ্বরবাটি এলাকায় টোটো উল্টে জখম হয় ৬ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পথচারী থেকে শুরু করে গ্ৰামবাসীদের অভিযোগ, ছোট বড় গর্তে পরিণত হয়েছে এই রাস্তা, বর্তমানে যাতায়াতের অযোগ্য এই রাস্তায় বারে বারে ঘটে চলেছে দুর্ঘটনা। বেহাল রাস্তা মেরামতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।
রাস্তা মেরামতের বিষয়ে বিজেপি পরিচালিত মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপন বর বলেন, এই রাস্তাটি কয়েক বছর ধরেই বেহাল অবস্থা, আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি। পরে আমরা বুঝতে পারি, এই এলাকা থেকে শাসক দল তৃণমূলের বর্তমান ঘাটাল ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির ভোটে হেরেছিল এবং এই গ্ৰাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, তাই রাস্তা মেরামতের হচ্ছে না।যদিও রাস্তা মেরামতের বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপিকে আক্রমণ করেছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী। তবে এই রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতি সহ সভাপতি বিকাশ কর, তিনি বলেন আগামী সপ্তাহের মধ্যে রাস্তা মেরামতের কাজ শুরু হবে।
