AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Leader: নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প, বিডিও অফিসে তুমুল বিক্ষোভ বিজেপি নেতার

SIR in Bengal: এস আই আর এর চূড়ান্ত তালিকায় বাদ বিজেপি নেতার নাম, প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ বিজেপি নেতা ও অনুগামীদের। পাল্টা কমিশনের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। তাঁদের দাবি, প্রশাসনিক আধিকারিকরা নয়, কমিশনের জন্যই এমনটা হয়েছে।

BJP Leader: নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প, বিডিও অফিসে তুমুল বিক্ষোভ বিজেপি নেতার
রাজনৈতিক মহলে শোরগোল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2026 | 4:23 PM
Share

বাঁকুড়া: এসআইআরের চূড়ান্ত তালিকায় বাদ পড়ল খোদ বিজেপি নেতার নাম। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেল নামের পাশে একেবারে ডিলিটেড স্ট্যাম্প। ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির বাঁকুড়া ৪ নম্বর মণ্ডলের সহ-সভাপতি রাকেশ চট্টরাজ। ঘটনার জন্য প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে আজ অনুগামীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভও দেখান ওই বিজেপি নেতা। তৃণমূলের দাবি প্রশাসনিক আধিকারিকরা নয়, নাম বাদ পড়ার জন্য দায়ী নির্বাচন কমিশনই।

বিজেপির বাঁকুড়া ৪ নম্বর মণ্ডলের সহ সভাপতি রাকেশ চট্টরাজের বাড়ি বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা গ্রামে। দীর্ঘ কয়েক পুরুষ ধরেই তাঁদের ওই গ্রামে বাস। গত লোকসভা নির্বাচনেও পরিবারের অন্যান্য সদস্যের পাশাপাশি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন রাকেশ। সম্প্রতি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা যায় তাঁর নাম বাদ পড়েছে তালিকা থেকে। তালিকায় নিজের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প দেখায় ক্ষোভে ফেটে পড়েন রাকেশ। সাধারণত মৃত, স্থানান্তরিত, একাধিক বুথে নাম থাকা অথবা এনুমারেশান ফর্ম জমা না দেওয়া হলে এস আই আর এর চূড়ান্ত তালিকায় ভোটারের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প থাকার কথা। রাকেশ চট্টরাজের দাবি, তাঁর ক্ষেত্রে কোনও শর্তই প্রযোজ্য নয়। তারপরেও এসআইআরের চূড়ান্ত তালিকায় কেন তাঁর নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প? তুলছেন প্রশ্ন। 

এই ঘটনার জন্য প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন রাকেশ। তীব্র ক্ষোভ প্রকাশ করে এদিনই কয়েকজন অনুগামীকে নিয়ে সোজা হাজির হন বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিও অফিসে। বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভে ফেটে পড়েন তিনি। পাল্টা বিজেপির ওই নেতার নাম বাদ পড়ার জন্য কমিশনকে দায়ী করেছে তৃণমূল। তৃণমূলের বাঁকুড়া এক নম্বর ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রশাসনিক আধিকারিকদের কোনও ভূমিকাই এতে নেই, এর জন্য দায়ী কমিশনই।