
বাঁকুড়া: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়য়ের বিতর্কিত মন্তব্যের অভিযোগ। বিজেপির বক্তব্য, কল্যাণের মন্তব্য প্ররোচনামূলক, হিংসাত্মক, অবমাননাকর। এই দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপির এই অভিযোগের পাল্টা এবার বিজেপিকেই খোঁচা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “বিজেপির নেতারা সবাই অবাঙালি। তাই বাংলায় কৌতুক তাঁদের বোঝার ক্ষমতা নেই।” এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “খেলা শেষে ফলাফল বেরোলে বিজেপির প্রথম সৈনিককে আমার একটু আবির মাখানোর ইচ্ছে হবে । ওরা জিতলে আমাকে একটু আবির মাখানোর ইচ্ছে ওদেরও হবে। এতে নতুন কী আছে।”
এই প্রসঙ্গে পাল্টা বিজেপির পানিহাটির বিজেপি প্রার্থীকে একহাত নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,
“পানিহাটির বিজেপি প্রার্থী একটি ভিডিয়োতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার ও নর্দমার মধ্যে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। এবিষয়ে তিনিও মূখ্য নির্বাচন কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।”
সম্প্রতি প্রচারে বেরিয়ে সাংবাদিকদের সামনে কিছু প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতাদের উদ্দেশে বেলাগাম মন্তব্য করেন কল্যাণ। কল্যাণ বলেছেন, “৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন কেন, ১৫ মাস থাকুন। আপনার দাদাগিরি খতম করে দেব।” এই কথার রেশ টেনেই কল্যাণ এরকম কিছু শব্দবন্ধ ব্যবহার করেন, সেটা রাজনৈতিক পরিভাষায় কুরুচিকর। এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। রবিবার নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছে বিজেপি। সেখানে এক্স হ্যান্ডেলের লিঙ্কও ‘এমবেড’ করা হয়েছে। যে লিঙ্কে ক্লিক করলে কল্যাণের বিতর্কিত মন্তব্যের ফুটেজ দেখা যাচ্ছে। বিজেপি তাতে লিখেছেন, “এটা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তৃণমূলের একজন সাংসদের মুখের ভাষা। এটা তৃণমূলের সংস্কৃতিকেই তুলে ধরছে।”