Sujata Mondal: মানুষের অন্যরকম গন্ধ আগেই টের পেয়েছিলেন! তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন সুজাতা

Bankura TMC Leader: ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হন সুজাতা। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তাঁকে তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে বিষ্ণুপুর লোকসভা আসনে প্রার্থী করে তৃণমূল। কিন্তু সেবারও জয়ের মুখ দেখতে পাননি তিনি।

Sujata Mondal: মানুষের অন্যরকম গন্ধ আগেই টের পেয়েছিলেন! তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন সুজাতা
সুজাতা মণ্ডলImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 13, 2026 | 8:40 PM

বাঁকুড়া: সৌমিত্র খাঁর স্ত্রী হিসেবে একসময় বিজেপির প্রচারে নেমেছিলেন। তারপর ব্যক্তিগত জীবন থেকে রাজনীতি, অনেকটাই বদলেছে সুজাতা মণ্ডলের (Sujata Mondal) জীবন। বিজেপি ছেড়ে একসময় তৃণমূলে এসে ভোটেও লড়েছিলেন সুজাতা। আর এবার তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার কথা বললেন তিনি। শুধু দলত্যাগ নয়, কর্মাধ্যক্ষ পদও ছাড়লেন তিনি।

রাজনীতির বর্ণময় চরিত্র সুজাতা মন্ডল

বাঁকুড়া তথা বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র সুজাতা মন্ডল। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা একসময় ছিলেন বিজেপির সক্রিয় কর্মী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আইনি বাধায় যখন সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী হয়েও নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে প্রচারে নামতে পারেননি, সেই সময় তাঁর হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন সুজাতা।

এক বছরের মাথায় তিনি দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। সৌমিত্র খাঁর সঙ্গে বিচ্ছেদও হয়ে যায়। ২০২১ সালে আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। কিন্তু জয়ের মুখ দেখতে পাননি সেবারও। এবার রাজ্যে পালাবদল হতেই সেই সুজাতা মন্ডল অভিমানে দল ছাড়লেন। সঙ্গে ছাড়লেন বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদও।

কেন দল ছাড়লেন সুজাতা?

সুজাতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, তৃণমূল হেরেছে বলে নয়, দল ২৯৪টি আসন পেলেও তিনি দল ছাড়তেন। তিনি বলেন, রাগ-অভিমানের কথা বলতে গেলে হিমালয় হয়ে যাবে। সুজাতার দাবি, তিনি দলকে বলতে গিয়েছিলেন, এবার মানুষের কাছে অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে, কেউ তাঁর কথা শোনেনি। সুজাতা বলেন, “যখন বলতে গিয়েছি, দল ভুল পথে চলছে, তখন দল এড়িয়ে গিয়েছে। মানুষের জন্যই তো রাজনীতি। দল মানুষের থেকে বড্ড দূরে সরে গিয়েছিল।”

এবার বিজেপিতে সুজাতা?

সৌমিত্রর কথা বলতেই সুজাতা বলেন, “দল তো কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। আমি যখন বিজেপি করেছি, তখন মানুষের জন্য করেছি।” এখনই বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েও সুজাতা বলেন, এতদিন মানুষ যেভাবে পাশে পেয়েছে, সেভাবেই পাবে। এবার যদি কোনও দলের মনে হয় আমাকে নিয়ে কোনও কাজে লাগবে, তাহলে যাব।

Follow Us