
ইন্দাস: কথায় আছে ভোট বড় বালাই। প্রচারে বেরিয়ে কখনও স্যালোঁতে ঢুকে কাঁচি হাতে চুল কাটছেন, তো কখনও চায়ের দোকানে ঢুকে নিজে হাতে চা করে খাওয়াচ্ছেন কর্মীদের। এবার চপের দোকানে ঢুকে নিজে হাতে চপ ভেজে কর্মীদের খাওয়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রচারে অংশ নেওয়া ঢাকিদের সঙ্গে তালে তাল মিলিয়ে বাজালেন ঢাকও। এই ছবিই দেখা গেল বাঁকুড়ার ইন্দাস ব্লকের শান্তাশ্রম এলাকায়।
ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাঁকুড়ার বিষ্ণুপুরে জমে উঠছে নির্বাচনী লড়াই। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে এবারের ভোটে জোর ধাক্কা দিতে কার্যত মরিয়া তৃণমূল প্রার্থী তথা সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ভোট প্রচারেও পদ্ম শিবিরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তিনি। ১৫ তারিখ প্রচারে বেরিয়ে কখনও দেখা যাচ্ছে তিনি রাস্তার ধারে স্যালোঁতে ঢুকে কাঁচি হাতে খদ্দেরের চুল কেটে দিচ্ছেন, কখনও আবার রাস্তার ধারের চায়ের দোকানে ঢুকে নিজে হাতে চা করে খাওয়াচ্ছেন কর্মীদের। এবার বৃহস্পতিবর তাঁকে দেখা গেল চপ বিক্রেতার ভূমিকায়।
চুল কাটছেন সুজাতা
বাঁকুড়ার ইন্দাস ব্লকের শান্তাশ্রম এলাকায় প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে সুজাতা মণ্ডলকে দেখা যায় আচমকাই ঢুকে পড়েন একটি চপের দোকানে। দোকানদারের অনুমতি নিয়ে নিজেই চপ ভাজতে শুরু করেন। এরপর দলীয় কর্মীদের মধ্যে গরম গরম চপ পরিবেশনও করেন তিনি। পরে প্রচারে অংশ নেওয়া ঢাকিদের সঙ্গে তালে তাল মিলিয়ে ঢাক বাজাতেও দেখা যায় তাঁকে। সুজাতা বলছেন, “মানুষের সঙ্গে খাকতে তো আমার খুব ভাল লাগে। আমরা তো বাঙালি। সন্ধ্য়াবেলা চপ মুড়ি আমাদের সকলের প্রিয় খাবার। চায়ের সঙ্গে কোনও একটা তেলেভাজা লাগেই। কাল তো চা করে সবাইকে খাইয়েছি। আজ মনে হল একটু চপ ভাজি।”