
সুদীপ্ত কংস বণিকের ইনপুট
বাঁকুড়া: ভোট কেন্দ্রের বাইরে এ কী দৃশ্য! আজ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোট গ্রহণ। দেখা গেল, সেখানেই ভোট কেন্দ্রের বাইরে কুপন দেওয়া হচ্ছে। টিভি৯ বাংলার ক্যামেরা দেখতেই দে ছুট! কেন? কী হচ্ছিল ওই কেন্দ্রে?
ছাতনা বিধানসভার শুশুনিয়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়। সেখানে ভোট কেন্দ্রের বাইরেই বিলি করা হচ্ছিল কুপন। কীসের কুপন? জানা গিয়েছে,পার্কিং-এর কুপনের মাধ্যমে দেওয়া হচ্ছে খাবারের কুপন। জিজ্ঞাসা করাতে বলা হয়, মুড়ি-ছোলা খাবারের কুপন এটা। কিন্তু কোন পার্টির থেকে দেওয়া হচ্ছে, সে কথা বলতেই টিভি৯ বাংলার ক্যামেরা দেখেই দৌড়ে পালালেন এক ব্যক্তি।
এটা শুধু এক বুথের ছবি নয়। ছাতনা বিধানসভার বিভিন্ন বুথেই নাকি দেওয়া হচ্ছে কুপন! কেউ দিচ্ছে বুথের ২০০ মিটারের মধ্যে, কেউ দিচ্ছেন একটু দূরে। খোঁজ করতে গিয়ে পাওয়া গেল, বিভিন্ন বুথে বিভিন্ন টাকার কুপন দেওয়া হচ্ছে। ভিন্ন রঙের সেই কুপন। কোথাও ১৫ টাকা, কোথাও আবার ২০ টাকার। কুপন নিয়ে নির্দিষ্ট দোকানে গেলে ওই টাকার মধ্যে যা খুশি নিতে পারবেন ভোটাররা।
ভোট চলাকালীন এইভাবে কুপন দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে নাকি ভোট দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভোটের যাবতীয় খবর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
LIVE TV দেখতে এই লিঙ্কে ক্লিক করুন