Birbhum: স্বামীকে বাড়ির মধ্যে আটকে আগুন ‘ধরিয়ে দিলেন’ স্ত্রী, সব পুড়ে খাক, শুধু অক্ষত ‘টার্গেট’ই
Birbhum: বাড়ির মালিক মান্নার শা'র আভিযোগ, তিনি বাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেন। এর কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়ি। ধীরে ধীরে আগুন গ্রাস করতে থাকে গোটা বাড়ি।

বীরভূম: স্বামীকে বাড়ির মধ্যে তালাবন্ধ করে আটকে রেখে, বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরূদ্ধে। আগুনে ভস্মীভূত হয়ে গেল সম্পূর্ণ বাড়ি। পুড়ে ছাই হয়ে গেল মোটর সাইকেল সহ আসবাবপত্র। তবে প্রাণে বেঁচে গিয়েছেন স্বামী। ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বীরভূমে নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে।
বাড়ির মালিক মান্নার শা’র আভিযোগ, তিনি বাড়ির মধ্যে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দেন। এর কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাড়ি। ধীরে ধীরে আগুন গ্রাস করতে থাকে গোটা বাড়ি। ঘরের এক একটা জিনিস পুড়তে থাকে। এদিকে আগুন ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে বালতি,গামলা করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় দমকলে।
দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রীই আগুন ধরিয়ে পালিয়ে গিয়েছিলেন। আগুন লাগার পরও অভিযুক্ত রোজিনা বিবিকে আর দেখতে পাননি স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।
