Birbhum: শতাব্দী-অসিতের ‘জয়ে’র ব্যবধান কত, ভোটের পরদিনই সে তথ্য ‘ফাঁস’! কেষ্টহীন বীরভূমে উড়ল সবুজ আবির
Birbhum: বীরভূমের তৃণমূল প্রার্থী হিসাবে শতাব্দী রায় এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে, আর বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল আড়াই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে বলে ভবিষ্যদ্বাণী করছেন কাজল শেখ।

বীরভূম: নির্বাচনের সবে রাত পোহাল! তার মধ্যেই কেষ্ট-হীন বীরভূমে বিজয় মিছিল। উড়ল সবুজ আবির, হল মিষ্টি মুখ, বাজল ঢাক। আক্ষরিক অর্থেই বিজয় মিছিল। মিছিল বের করলেন বীরভূমের কাজল শেখের অনুগামীরা। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। নানুর বিধানসভা এলাকার পাপুরি-সহ একাধিক গ্রামে ঘুরল এই বিজয় মিছিল। কাজল শেখের বক্তব্য, “আমরা সারা বছর পড়াশোনা করি। ফলাফল কী হবে, সেটা আমরা আগের থেকেই বুঝতে পেরেছি।”
বীরভূমের তৃণমূল প্রার্থী হিসাবে শতাব্দী রায় এক থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে, আর বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল আড়াই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে বলে ভবিষ্যদ্বাণী করছেন কাজল শেখ। আর সেই আনন্দেই তাঁরা বিজয় মিছিল বার করেছেন বলে দাবি।
বীরভূম গত লোকসভা নির্বাচনে সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে এগিয়ে ছিল তৃণমূল। বাকি চারটিতে এগিয়ে ছিল বিজেপি। আবার বোলপুরে গত লোকসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের মধ্যে মাত্র ৬ শতাংশের ভোটের ফারাক ছিল। শহর বীরভূমে তৃণমূলের ফল ছিল খারাপ। কিন্তু এবার তৃণমূলের দুই প্রার্থীই আশাবাদী তাঁদের জয়ের ব্যাপারে।
সোমবারের নির্বাচনের বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। ভোট লুঠ, ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। জল বেশি দূর গড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনে নির্বাচন কমিশন। এমনিতে অনুব্রত হীন বীরভূমে তৃণমূলের রাজনৈতিক পটচিত্রেও নানা শেড রয়েছে। ভোটের কিছুদিন আগেই কাজল শেখকে বীরভূমের কোর কমিটি এমনকি নির্বাচন কমিটি থেকে বার করেছে দল। শতাব্দী রায়ের বিরুদ্ধে একাধিক স্তরে মানুষের ক্ষোভ প্রকাশ্যে আসতে দেখা গিয়েছে। গোষ্ঠীকোন্দলের আবহে শতাব্দী-অসিতকে একটু বেশিও মনোনিবেশ করতে হয়। এই আবহে কেষ্ট হীন বীৎভূমে ভোটের রেজাল্ট কী হবে, তা বহুচর্চিত বিষয়। কিন্তু তার আগেই বিজয় মিছিল বার করল তৃণমূল।
