Rampurhat Municipality: ছটের জন্য রবি-সোম বন্ধ রাখতে হবে মাংসের দোকান, নোটিস পুরসভার
রামপুরহাট পৌরসভার পৌরপ্রধান সৌমেন ভগত জানিয়েছেন, কোর্টের গলিতে থাকা ওই তিনটি দোকানে প্রকাশ্যেই মাংস কাটা হয়। ছটপুজোর মতো ধর্মীয় উৎসবের কথা মাথায় রেখেই আপাতত দু’দিন দোকানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রামপুরহাট: ছটপুজো উপলক্ষে দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। এমনই নির্দেশ দিল তৃণমূল পরিচালিত পৌরসভা। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল। রামপুরহাট পৌরসভার এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শহরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
পৌরসভা সূত্রে খবর, আগামী রবিবার ও সোমবার, ছটপুজোর এই দু’দিন রামপুরহাট শহরের কোর্টের গলিতে রাস্তার ধারে থাকা তিনটি মাংসের দোকান বন্ধ রাখতে হবে। এই মর্মে সংশ্লিষ্ট দোকানগুলির মালিকদের হাতে ইতিমধ্যেই নোটিশ তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ, পৌরসভার নির্দেশ অমান্য করে ওই দু’দিন দোকান খোলা রাখা যাবে না।
কেন এই সিদ্ধান্ত? রামপুরহাট পৌরসভার পৌরপ্রধান সৌমেন ভগত জানিয়েছেন, কোর্টের গলিতে থাকা ওই তিনটি দোকানে প্রকাশ্যেই মাংস কাটা হয়। ছটপুজোর মতো ধর্মীয় উৎসবের কথা মাথায় রেখেই আপাতত দু’দিন দোকানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পৌরসভার এই নির্দেশকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উৎসবের আবহে মাংসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
এ দিকে, এই নির্দেশ পেয়ে মুখ খুলেছেন বিক্রেতারা। একজনের বক্তব্য, ছুটির দিনে মাংস বেশি বিক্রি হয়। দোকান বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়তে হবে। এক বিক্রেতা বলেন, “বলেছে দোকান বন্ধ রাখতে। ছুটির দিনে বন্ধ রাখলে ক্ষতি হবে বেশি।” কংগ্রেসের অভিযোগ, এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকে খুশি রাখার জন্য। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ বলেন, “যাঁরা ছটপুজো করেন তাঁরা জানেন কোথায় ছট পুজো করতে হয়। আসলে পৌরপিতা এমন করেছেন কারণ তাঁকে যাতে না সরায় পদ থেকে তাই।” অন্যদিকে, বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “বনধ থাকলে দোকান বন্ধ রাখে, পুজো উপলক্ষে দোকান বন্ধ রাখতে বলেছে বলে ক্ষতি বেশি হয় এরা কারা? এদের নাম কী? দরকারে কোর্টে যাবেন। আমাদের আর বলার কী আছে? মাংস কে খাবেন বা খাবেন না সেটা নিয়ে নিষেধাক্ষা নেই।”
বিতর্কের মুখে পড়ে রামপুরহাটের চেয়ারম্যান সৌমেন ভকত বলেন, “খুব নিষ্টার সঙ্গে এটা করতে হয়। যাঁরা উপবাস করেন তাঁদের ওই রাস্তা দিয়ে যেতে হয়। তখন দেখা যায়, ওই রাস্তায় রক্তের জল পড়ে থাকে। এইসব দেখে আঘাত লাগে মনে।”
