Anubrata Mondal: ‘মুখ্যমন্ত্রী যা বলেন, তা করছেন’, কেষ্টর মুখে কেন বারবার শুভেন্দুর নাম?

Anubrata Mondal on Ashis Banerjee Death: অনুব্রত মণ্ডল বলেন, "শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন মামলা করার জন্য। পুলিশের নিরাপত্তা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, আশিসদা কেন মামলা করলেন না, আমি বুঝতে পারছি না।" মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে জানিয়ে অনুব্রত বলেন, "মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে রয়েছেন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।"

Anubrata Mondal: মুখ্যমন্ত্রী যা বলেন, তা করছেন, কেষ্টর মুখে কেন বারবার শুভেন্দুর নাম?
আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বললেন অনুব্রত মণ্ডল?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 16, 2026 | 2:10 PM

রামপুরহাট: বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই অবস্থায় পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গত ২১ জুলাই তাঁকে হেনস্থা করার ঘটনাও উঠে আসছে। রবিবার আশিসের পরিবারের সঙ্গে দেখা করতে এসে শক্তিগড়ের প্রসঙ্গ উল্লেখ করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়কে এফআইআর করতেও বলেছিলেন বলে জানালেন অনুব্রত। একইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আশিসের পরিবারের পাশে রয়েছেন।

আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বললেন অনুব্রত?

বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যুতে শোকাহত অনুব্রত। বললেন, “আশিসদার কোনও শত্রু ছিল না। আশিসদা খুব ভালো লোক ছিলেন। এবং ওর পরিবারও খুব ভালো।” আশিস বন্দ্যোপাধ্যায় তাঁর অভিভাবক ছিলেন বলে মন্তব্য করেন কেষ্ট। বলেন, “এখনও তাঁকে আমার অভিভাবক মানি। উনি কখনও আমার সঙ্গে জোরে কথা বলেননি। খুব দুঃখ লাগছে।”

বারবার মুখ্যমন্ত্রীর কথা অনুব্রতর গলায়-

গত ২১ জুলাই আশিস বন্দ্যোপাধ্যায় কলকাতায় তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে শক্তিগড়ে থেমেছিলেন। সেইসময় বর্ধমান উত্তর বিধানসভার ৬ নম্বর মণ্ডলের সভাপতি সৌমিত্র ঘোষ তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। একটি ভিডিয়োয় দেখা যায়, আশিসের গাড়ির সামনে দাঁড়িয়ে সৌমিত্র বলেন, “এত বছর চুরি-চামারি করে এখন কী করতে যাচ্ছেন? আপনারা এতদিন ধরে মানুষকে শহিদ করেছেন! ২০২১ সালের ২ মে-র পর থেকে কত লোক যে শহিদ হয়েছে, আপনারা আবার যাচ্ছেন শহিদ দিবস পালন করতে?” এরপরই স্থানীয় ওই বিজেপি নেতা আশিসকে বলেন, “বয়স্ক না হলে চাবকে ছাল তুলে দিতাম।”

সেই ঘটনায় আশিস দুঃখ পেয়েছিলেন জানিয়ে এদিন অনুব্রত বলেন, “শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন মামলা করার জন্য। পুলিশের নিরাপত্তা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, আশিসদা কেন মামলা করলেন না, আমি বুঝতে পারছি না।” মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে জানিয়ে অনুব্রত বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে রয়েছেন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।”

আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও থানাতে FIR নেই জানিয়ে অনুব্রত বলেন, “কিছু নেই। বললাম তো, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন, আপনি ওর নামে এফআইআর করুন। বাদবাকিটা আমি দেখে নেব। আজকে মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে রয়েছেন।” আশিসের মৃত্যুতে তদন্তের দাবি জানাবেন অনুব্রতরা। বললেন, “দেখি পরিবার কী বলে। তবে এটা খুব দুঃখজনক ব্যাপার। তাঁর মতো একজন লোক কেন এটা করলেন আমরা বুঝতে পারছি না। ওঁর কোনও শত্রু নেই। উনি জোরে কথা বলতেন না।” সিবিআই তদন্তের দাবি জানাবেন কি না, জানতে চাওয়ায় পাল্টা প্রশ্ন করে বলেন, “কেন সিবিআই তদন্তের দাবি জানাব?”

‘মুখ্যমন্ত্রী যা বলেন, তা করছেন’-

আশিসের মৃত্যু নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে অনুব্রত বলেন, “সোশ্যাল মিডিয়ায় আশিসদার সঙ্গে নোংরামো করা হয়েছে। শক্তিগড়েও অন্যায় করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওটা দেখবেন বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি পাশে রয়েছি। আমি দেখব’। মুখ্যমন্ত্রী দেখলে আমি খুশি। মুখ্যমন্ত্রী যা বলেন, তা করছেন এখন।”

তারাপীঠ-রামপুরহাট ডেভেপলমেন্ট অথরিটি (TRDA)-র চেয়ারম্যান ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই নিয়ে অনুব্রত বলেন, “আশিস বন্দ্যোপাধ্যায় কোনও দুর্নীতিতে জড়িত নয়। এ গুলো একটা গল্প সাজানো হয়েছিল।”

Loading...
Unable to load recommendations.
Follow Us