BJP Yuva Shakti Card: মাসে ৩ হাজার টাকা, স্টার্ট-আপে ১০ লক্ষ, আর কী কী রয়েছে বিজেপির যুবশক্তি ভরসা কার্ডে?

WB Assembly Election 2026: যুবশক্তি কার্ডের মাধ্যমে যুবসমাজের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যতদিন না চাকরি পাচ্ছেন, ততদিন পর্যন্ত প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে প্রত্যেক যুবককে।শিল্প হবে, বিনিয়োগ হবে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান হবে। কী কী বলা হয়েছে জেনে নিন...

BJP Yuva Shakti Card: মাসে ৩ হাজার টাকা, স্টার্ট-আপে ১০ লক্ষ, আর কী কী রয়েছে বিজেপির যুবশক্তি ভরসা কার্ডে?
বিজেপির যুবশক্তি ভরসা কার্ডImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 16, 2026 | 3:30 PM

কলকাতা: ইস্তাহারে নারী ও যুব শক্তির বিকাশে জোর দিয়েছে বিজেপি। একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই মর্মে বিজেপি গতকাল নববর্ষে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করেছিল। আর এবার যুবদের ভোট নিজেদের ঝুলিতে টানতে আজ যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ করল বিজেপি। নিউটাউনের হোটেলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী টেনিস তারকা ও বিজেপি নেতা লিয়েন্ডার পেজ এবং বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র সিং-এর উপস্থিতিতে প্রকাশ করা হল যুবশক্তি কার্ড।

যুবশক্তি কার্ডে কী কী রয়েছে?

যুবশক্তি কার্ডের মাধ্যমে যুবসমাজের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি নতুন কোনও প্রকল্প নয়। মূলত বিজেপির সঙ্কল্পপত্রের ভিত্তিতে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে, তার গ্যারান্টি হিসেবেই এই যুবশক্তি কার্ড প্রকাশ করা হয়েছে। কী কী বলা হয়েছে যুবশক্তি কার্ডে, জেনে নিন

  • যতদিন না চাকরি পাচ্ছেন, ততদিন পর্যন্ত প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে প্রত্যেক যুবককে।
  • শিল্প হবে, বিনিয়োগ হবে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান হবে।
  • প্রতি বছর এসএসসি, টেট-সহ নিয়োগের পরীক্ষা নেওয়া হবে।
  • সরকারি চাকরির বয়স সীমায় ৫ বছরের ছাড়।
  • স্টার্ট আপ করতে চাইলে আর্থিক সাহায্য করবে বিজেপি। ৫ লক্ষ যুবক-যুবতিদের ১০ লক্ষ আর্থিক সহায়তা দেওয়া হবে।

কী বললেন লিয়েন্ডার পেজ?

টেনিস তারকা ও বিজেপি নেতা লিয়েন্ডার পেজ় এদিন জানান, গত ১৫ বছরে রাজ্যের অর্থনীতি, শিক্ষা, চাকরির অবস্থা খুব খারাপ। বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে যুবসমাজ। কেউ কাজের জন্য যাচ্ছেন। কেউ আবার উচ্চশিক্ষার জন্য মুম্বই, দিল্লি, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। এখানে কত স্টার্টআপ হয়েছে? নারীরা আদৌ কত সুরক্ষিত? চাইলেও যুবসমাজ তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না। পুরনো বাংলাকে ফিরিয়ে আনতে হবে। তাই যুব সমাজকে রাজ্যে ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার।

গতকালই মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করেছে বিজেপি। সঙ্কল্পপত্র অনুযায়ী মাসে মহিলাদের ৩০০০ হাজার আর্থিক সহায়তা করা হবে। মহিলাদের সাবলম্বী করতেই এই কার্ড প্রকাশ করা হয়েছে। সঙ্কল্পপত্রে বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডার। ক্ষমতায় এলে এই প্রকল্প চালু করা হবে। সরকারি বাসেও মহিলাদের যাতায়াত বিনামূল্যে চালু হবে।

Follow Us