Buxa Tigress: চেনা পথেই এগোচ্ছে বাঘিনী, সংকোষ নদী পেরলেই ফের…
বনমন্ত্রীর এই বক্তব্য থেকেই জানা গিয়েছে, বাঘিনীর ফের অসমের জঙ্গলমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাঘিনী শেষ পর্যন্ত সংকোষ নদী পেরিয়ে অসমে প্রবেশ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আর এখানেই নতুন করে প্রশ্ন উঠছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে।

ডুয়ার্স: বক্সার জঙ্গল ছেড়ে বাঘ অসমের দিকে চলে গিয়েছে। একবার নয়, দুবার চলে গিয়েছেন ডুয়ার্সের ‘রানি’। বনমন্ত্রী নিজে অসমে গিয়ে ফিরিয়ে এনেছিলেন বাঘিনী। কয়েকদিনের মধ্যেই সিঁদ কেটে ফের চলে গিয়েছে সে। ফের অসমের দিকেই এগোচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ।
বনমন্ত্রী জানিয়েছেন, বাঘিনী বর্তমানে একটি নির্দিষ্ট পথ ধরে চলছে। যে এলাকায় তাকে ছাড়া হয়েছিল, সেখান থেকে এখনও পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যেই রয়েছে সে। তবে উদ্বেগের বিষয় হল, এই পথ ধরেই এর আগে অসমে চলে গিয়েছিল বাঘিনী।
বনমন্ত্রী বলেন, “NTCA-র অনুমতি নিয়ে আমরা কাজ করছি। চেষ্টা করব, বাঘিনী যাতে সংকোষ নদী পেরিয়ে না যায়। তবে খুব বেশি আর আটকে রাখার বিষয় নেই। বাঘিনী একটি নির্দিষ্ট পথে চলছে। এবার তাকে ফিরিয়ে আনার জন্য আর ঘুমপাড়ানি গুলি ব্যবহার করা হবে না।”
বনমন্ত্রীর এই বক্তব্য থেকেই জানা গিয়েছে, বাঘিনীর ফের অসমের জঙ্গলমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাঘিনী শেষ পর্যন্ত সংকোষ নদী পেরিয়ে অসমে প্রবেশ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আর এখানেই নতুন করে প্রশ্ন উঠছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে।
এর আগেও বক্সার বাঘের অসমের মানস অভয়ারণ্যের দিকে চলে যাওয়ার ঘটনা সামনে এসেছে। দীর্ঘদিন ধরে বক্সায় বাঘের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় ও রাজ্য বন দফতরের উদ্যোগে বক্সাকে ফের বাঘের নিয়মিত বিচরণ ও বসবাসের উপযুক্ত ক্ষেত্র হিসেবে তড়িঘড়ি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।
আপাতত বন দফতরের নজর বাঘিনীর গতিবিধির দিকে। আর সেই সঙ্গে প্রশ্নের মুখে বক্সাকে ফের বাঘের স্থায়ী আবাসস্থল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা।
