Loksabha Election 2024: বালুরঘাটে প্রার্থী দিচ্ছে আইএসএফ, সুকান্তর গড়ে নওশাদের ‘হানা’
ISF: এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের আমিনপুর বটতলায় একটি দলীয় সভা ছিল আইএসএফের। নওশাদ উপস্থিত ছিলেন সেই সভায়। সেখান থেকেই নওশাদ জানান, শুধু বালুরঘাট নয় রাজ্যের আরও বেশ কয়েকটি আসনে এবার লড়বেন তাঁরা।

বালুরঘাট: বড় ঘোষণা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফের (ISF)। বালুরঘাটে প্রার্থী দিচ্ছে নওশাদ সিদ্দিকীর দল। শনিবার এ জেলাতে বসেই সে কথা জানিয়ে গেলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের বিধায়ক নওশাদ। ২০২৪-এর লোকসভা ভোটে যে সমস্ত আসনে লড়াই করতে চলেছেন তাঁরা, তার মধ্যে অন্যতম বালুরঘাট। এই কেন্দ্র বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এবার সেখানেই লড়তে চলেছে আইএসএফ।
এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি ব্লকের আমিনপুর বটতলায় একটি দলীয় সভা ছিল আইএসএফের। নওশাদ উপস্থিত ছিলেন সেই সভায়। সেখান থেকেই নওশাদ জানান, শুধু বালুরঘাট নয় রাজ্যের আরও বেশ কয়েকটি আসনে এবার লড়বেন তাঁরা।
নওশাদ নিজে ডায়মন্ড হারবার থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে সেখান থেকে লড়তে পারেন তিনি। এদিন নওশাদ সিদ্দিকী বলেন, “এই রাজ্যের কয়েকটি আসনে আমি প্রার্থী দেব আগেই বলেছিলাম। বালুরঘাটও আছে সেই তালিকায়। কারণ বালুরঘাটের মানুষ যে লক্ষ্য নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, তা পূরণে বিজেপি ব্যর্থ। স্বাস্থ্য, শিক্ষা-সহ একাধিক ক্ষেত্রে বঞ্চিত এখানকার মানুষ। তাঁদের চাওয়া পাওয়ার কথা লোকসভায় তুলে ধরাই হয়নি। মানুষের কাছে যাব। ভোট চাইব।”
দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারও সুকান্ত মজুমদার লড়ছেন এখান থেকে। তৃণমূলও বড় কোনও তাসই খেলবে এই আসনে বলে জল্পনা। আইএসএফও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগামী ভোটে। এদিনে সভায় বেশ কয়েকজন আইএসএফে যোগদানও করেন।
