‘পাগলা হাওয়া ক্ষেপেছে’, আগামী দু-দিন কী হবে জেনে নিন
দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার থেকেই দুর্যোগের পারদ চড়ছে। সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। আজ মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে আসল দুর্যোগ অপেক্ষা করছে বুধবারের জন্য। আবহাওয়াবিদদের মতে, কাল বৃষ্টির তীব্রতা একধাক্কায় অনেকটাই বাড়বে।
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে আজই অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এই সিস্টেম। এর জেরে আজ সকাল থেকেই তিলোত্তমায় শুরু হয়েছে বৃষ্টি।
রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গও। হাওয়া অফিসের পূর্বাভাস, কাল থেকেই উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও, কাল দুর্যোগের তীব্রতা আরও বাড়বে। উপকূল ও পশ্চিমাঞ্চলে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইবে। দক্ষিণে শুক্রবার পর্যন্ত চলবে এই বৃষ্টি।
বর্তমানে পুরী থেকে ২৭০ কিমি দূরে থাকা নিম্নচাপটি কাল অনেক রাতে বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝে আছড়ে পড়বে। এর সর্বাধিক প্রভাব পড়বে অন্ধ্র-ওড়িশায়, সেখানে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে।

