Kharagpur IIT: চায়ের কাপে তর্কের তুফান ছোটাতেন সুন্দর পিচাই থেকে কেজরীবাল, প্রধানমন্ত্রীর মুখে প্রশংসায় ভাগ্য বদলাল শাহরুখের

PM Narendra Modi Praises IIT Kharagpur Tea Shop: প্রধানমন্ত্রীর মুখে পরিবারের পুরনো দোকানের নাম শুনে স্বাভাবিক ভাবেই আবেগাপ্লুত বর্তমান প্রজন্মের সদস্যরাও। শাহরুখের কথায়, ‘‘প্রধানমন্ত্রীর মুখে প্রশংসা শোনার পরই ফোন আসছে সবার। সবাই অভিনন্দন জানাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাদের ছোট এই দোকান সম্পর্কে জেনেছেন, কথা বলেছেন।"

Kharagpur IIT: চায়ের কাপে তর্কের তুফান ছোটাতেন সুন্দর পিচাই থেকে কেজরীবাল, প্রধানমন্ত্রীর মুখে প্রশংসায় ভাগ্য বদলাল শাহরুখের
প্রধানমন্ত্রীর মুখে খড়্গপুরের চায়ের দোকানের প্রশংসা। Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 25, 2026 | 12:08 PM

খড়্গপুর: চা বা কফির কাপে চুমুক দিতে দিতে জমে ওঠা আড্ডার স্মৃতি অনেকের কাছেই অমলিন। আর সেই স্মৃতির সঙ্গে যদি জড়িয়ে থাকে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ ইতিহাস, তা হলে তার আবদান হয় আরও গভীর। কত ভালো-মন্দ স্মৃতি জড়িয়ে থাকে ওই চায়ের কাপ, চায়ের ঠেকে। আইআইটি খড়্গপুরের প্রাক্তনীদের কাছে তেমনই এক আবেগের নাম ‘ছেদি’জ়’।

সাত দশকেরও বেশি সময় ধরে এই চায়ের দোকান শুধু চা-কফি বিক্রির জায়গা নয়, বরং প্রজন্মের পর প্রজন্মের পড়ুয়া ও প্রাক্তনীদের স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও উঠে এল সেই দোকানের নাম। আর তাতেই উচ্ছ্বাসে ভাসছেন দোকানের বর্তমান মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ারা।

গত শনিবার, ২১ নভেম্বর, আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন যে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা আইআইটির বহু প্রতিষ্ঠিত প্রাক্তনী দশকের পর দশক পেরিয়েও ক্যাম্পাসের পুরনো দিনগুলি ভুলতে পারেন না। তাঁদের জীবনের বিশেষ কিছু মুহূর্ত জড়িয়ে রয়েছে এই প্রতিষ্ঠানের সঙ্গে। সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদীর মুখে শোনা যায়, ‘‘আমার বিশ্বাস, কিছু প্রাক্তনীর দশকের পর দশক পরেও ছেদি’জ় চায়ে পে চর্চা খুব মনে পড়ে।’’ প্রধানমন্ত্রীর মুখে ক্যাম্পাসের এই পরিচিত চায়ের দোকানের নাম শুনে উপস্থিত দর্শকদের মধ্যে বয়ে যায় হাততালির ঝড়।

কিন্তু কে এই ছেদি? কীভাবেই বা একটি ছোট্ট চায়ের দোকান হয়ে উঠল আইআইটি খড়্গপুরের স্মৃতির অন্যতম ঠিকানা?

দোকানের বর্তমান মালিক ২৮ বছরের শাহরুখ খান। ১১ বছর বয়স থেকে এই দোকানের সঙ্গে জড়িত। দাদুর সঙ্গে বসতেন তখন। তাঁর কথায়, ১৯৫১ সালে পথচলা শুরু আইআইটি খড়্গপুরের। তার ৬ বছর পর, ১৯৫৭ সালে ক্যাম্পাসের মধ্যেই একটি ছোট্ট চায়ের দোকান খুলেছিলেন তাঁর দাদুর বাবা। পরবর্তী সময়ে শাহরুখের দাদু আনোয়ার খান দোকানটি ক্যাম্পাস থেকে সরিয়ে মেন গেট সংলগ্ন পুরী গেটে নিয়ে আসেন। আনোয়ারকে স্থানীয় ও পরিচিতজনেরা ভালোবেসে ‘ছেদি’ বলে ডাকতেন। ধীরে ধীরে সেই নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি। তাঁর নামের সূত্র ধরেই দোকানের নাম হয় ‘ছেদি’জ়’।

প্রধানমন্ত্রীর মুখে পরিবারের পুরনো দোকানের নাম শুনে স্বাভাবিক ভাবেই আবেগাপ্লুত বর্তমান প্রজন্মের সদস্যরাও। শাহরুখের কথায়, ‘‘প্রধানমন্ত্রীর মুখে প্রশংসা শোনার পরই ফোন আসছে সবার। সবাই অভিনন্দন জানাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাদের ছোট এই দোকান সম্পর্কে জেনেছেন, কথা বলেছেন। বিশ্বাস করুন, গর্বে বুকটা ভরে গিয়েছে। তবে এর সঙ্গে দায়িত্বও বেড়েছে। দোকানের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে। আমা দাদুর সময়ে সুন্দর পিচাই, অরবিন্দ কেজরীবাল স্যর থেকে শুরু করে বহু বিখ্যাত মানুষ আসতেন।’’

বর্তমান পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের কাছেও দোকানটির জনপ্রিয়তা অটুট। দোকানে চায়ের আড্ডায় বসে গবেষক থেকে কর্মীদের। আইআইটির প্রাক্তনীদের মতো বর্তমান প্রজন্মের পড়ুয়ারাও নিয়মিত এই দোকানে আসেন। তাঁদের কথায়, ‘‘আমাদের প্রাক্তনীরাও এই দোকানে চা খেতেন। এখন আমরাও আসি।’’

আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তীও স্বীকার করেছেন, এক সময়ে ক্যাম্পাসের পড়ুয়াদের কাছে এই দোকানই ছিল চায়ের অন্যতম ভরসা। তাঁর কথায়, ‘‘একটা সময়ে ওই দোকানটাই ছিল ভরসা। ফলে প্রাক্তনীরা সকলেই সেখানে চা খেয়েছেন। প্রাক্তনীদের কাছ থেকেই বিষয়টি প্রধানমন্ত্রী শুনেছেন। সেই কারণেই তাঁর বক্তব্যে এই চায়ের প্রসঙ্গ এসেছে। এখন অনেক দোকান হয়েছে। কিন্তু আগে ওই ছেদি’জ়ই ছিল ভরসা। প্রধানমন্ত্রীর মুখে এই দোকানের কথা শুনে প্রাক্তনী থেকে বর্তমান পড়ুয়ারা যেমন খুশি, তেমনই কিছুটা চমকেও গিয়েছে।’’

আসলে সময়ের সঙ্গে বদলেছে ক্যাম্পাস, বেড়েছে দোকানের সংখ্যা, বদলেছে খাবারের মেনুও। কিন্তু বদলায়নি এক কাপ চায়ের সঙ্গে জড়িয়ে থাকা বন্ধুত্ব, আড্ডা আর স্মৃতির টান। তাই সাত দশক পেরিয়েও আইআইটি খড়্গপুরের ইতিহাসে ‘ছেদি’জ়’ শুধুই একটি চায়ের দোকান নয়, বহু প্রজন্মের আবেগের ঠিকানা।

এক পডুয়া বলেন, “বছরের পর বছর ধরে যে দোকানে আমরা চা খেতে আসি, সেই সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী খোঁজ নিয়েছেন এত গভীরে, তা অবশ্যই গর্বের। এই টেবিলে একসময় বসে সুন্দর পিচাই চা খেয়েছেন, সেখানে আমরা বসছি, আড্ডা মারছি, এটা তো অবশ্যই গর্বের।”

Loading...
Unable to load recommendations.
Follow Us