
আরামবাগ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগেই সাংসদের উপর হামলার অভিযোগ। উত্তপ্ত আরামবাগ। আজ সোমবার সকাল থেকে চলছে শেষবেলার প্রচার। সেই প্রচার চলাকালীনই এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সাংসদ মিতালি বাগের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল সাংসদকে।
সোমবার সকাল থেকে চলছে শেষবেলার প্রচার। এদিনই শেষ হয়ে যাচ্ছে দ্বিতীয় দফার প্রচার। আরামবাগে এদিন সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভার আগেই সাংসদের উপর হামলার ঘটনা ঘটল এদিন।
ঠিক গোঘাট হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময়ই হামলা হয় বলে অভিযোগ। সেখান থেকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিতালিকে। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
ক্যামেরার সামনে হাউহাউ করে কেঁদে ফেলেন মিতালি। বলেন, “আমার গাড়ির অবস্থা দেখুন। ওরা বড়বড় পাথর ছুড়েছে। আমি কোনও রকমে প্রাণে বেঁচেছি।”
বিজেপি বলছে পুরোটাই নাটক। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “পরাজয় নিশ্চিত জেনে এই ধরনের সিনেমা মঞ্চস্থ করা চেষ্টা চলছে। চিত্রনাট্য খুবই দুর্বল। মানুষ এগুলো মানবে না।”
এদিকে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী। গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়িতে হামলা করে কাচ ভেঙে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পাল্টা বিজেপিও প্রতিবাদ শুরু করে। দু পক্ষের হাতেই লাঠি, বাঁশ, কাচ দেখা যায়। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়।