
উত্তরপাড়া: হঠাৎ করে দেখলে প্রশ্ন জাগতে পারে পশু হাসপাতাল কি না। অবাধে ঘুরছে কুকুর,হাসপাতালের প্রতীক্ষালয়ে গরুর অবাধ বিচরণ। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের বেডের পাশে এভাবেই ঘুরে-বেড়ায় পশু। নিত্যদিন এমন ছবি দেখা যায় বলে অভিযোগ রোগীর পরিবারের। কয়েকদিন আগে গৌরহাটি ইএসআই হাসপাতালে রোগীর বেডে কুকুর শুয়ে থাকার ছবি ভাইরাল হয়। আর এবার সামনে এল উত্তরপাড়ার ছবি। স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
কেন পশুদের অবাধ বিচরণ মানুষের হাসপাতালে, তা নিয়ে প্রশ্ন তুলছেন হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা। যেখানে মানুষের চিকিৎসা পাওয়ার কথা সেখানে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে! বেহাল স্বাস্থ্য পরিষেবা। শুধু উত্তর জেনারেল নয়, সব হাসপাতালের একই ছবি দেখা যায় বলে অভিযোগ। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার মহম্মদ মহসিন ফোন ধরে ব্যস্ততার কারণ দেখিয়ে ফোন কেটে দেন।
সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেই তিনি হাসপাতালের পরিস্থিতি নিয়ে সরব হন। বলেন, “সব হাসপাতালের একই অবস্থা। চূড়ান্ত দুর্নীতি চলছে।”