Parking Chaos: পার্কিংয়ে তোলাবাজি না দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে হামলা, শালিমার স্টেশনে উত্তেজনা
Parking Chaos at Shalimar Station: রবিবার সন্ধেবেলায় শালিমার স্টেশনে হঠাৎ উত্তেজনা ছড়ায়। পার্কিংয়ে তোলাবাজি না দেওয়ায় একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। পার্কিং-এর এক কর্মী সহ দু'জনকে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। আহত দুই ব্যক্তিকে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

হাওড়া: বেআইনি পার্কিং নিয়ে কড়া বার্তা দিয়েছে বিজেপি সরকার (BJP Government)। পার্কিংয়ের (Parking) নামে তোলাবাজিও বরদাস্ত করা হবে না। সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। কিন্তু, তারপরেও পার্কিং নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এবার পার্কিংয়ে তোলাবাজিকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে দুই ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে। শালিমার স্টেশনে এই ঘটনাটি ঘটেছে।
কী ঘটেছিল রবিবার?
রবিবার সন্ধেবেলায় শালিমার স্টেশনে হঠাৎ উত্তেজনা ছড়ায়। পার্কিংয়ে তোলাবাজি না দেওয়ায় একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ। পার্কিং-এর এক কর্মী সহ দু’জনকে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। আহত দুই ব্যক্তিকে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পার্কিংয়ের আহত কর্মীর অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী পঞ্চাশ হাজার টাকা তোলা না পেয়ে দলবল নিয়ে অতর্কিতে হামলা চালায়। দুষ্কৃতীদের হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হয় তাদের। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এজিসি বোস বি গার্ডেন থানার পুলিশ। ইতিমধ্যেই গন্ডগোলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, বিজেপি সরকারের তরফে পার্কিং নিয়ে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে
- অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। রাস্তার দু’দিকে পার্কিং করা যাবে না। পার্কিংয়ের যা নিয়ম, সেই নিয়মই মানতে হবে। অর্থাৎ পুরসভার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট জায়গাতেই পার্কিং করতে হবে।
- একেক জায়গায় পার্কিংয়ের নামে একেক রকম টাকা আদায় করা হয়। যাতে একই রকমের পার্কিং ফিজ় চালু করা যায়, সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দিয়ে টাকা তোলা হয়। কিন্তু সেটা থেকে সরকার কোনও রাজস্ব পায় না। জালিয়াতি বন্ধ করতে কড়া পদক্ষেপ করা হচ্ছে। আর যাতে পার্কিংয়ের টাকা সব জায়গায় একইরকম নেওয়া হয়, তার জন্য একটাই রেট চার্ট বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা নিলে কড়া পদক্ষেপ করা হবে।
- সরকারকে টাকা না দিয়ে তৃণমূলের যাঁরা এতদিন পার্কিংয়ের নামে টাকা লুটেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে
