Hooghly: ভর সন্ধ্যায় রিষড়ায় গুলি, গুলিবিদ্ধ যুবকের বিরুদ্ধে আবার রয়েছে খুনের অভিযোগ
Hooghly: কে বা কারা আচমকা তাঁকে গুলি চালালো সে বিষয়ে এখনও পর্যন্ত দিশাহীন পুলিশ। খোঁজ চলছে দুষ্কৃতীদের। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। যদিও অতীতের রেকর্ড দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নেপথ্যে থাকতে পারে পুরনো শত্রুতা।

রিষড়া: ভর সন্ধ্যায় গুলি চলল রিষড়ায়। গুলিবিদ্ধ যুবকের নাম দীপক জয়সওয়াল (২৫)। চাঞ্চল্যকর ঘটনা রিষড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের হেস্টিং মাঠের পিছনে সেগুন বাগান এলাকায়। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় বাড়ির কাছেই ঘোরাফেরা করছিলেন দীপক। তখনই তিন থেকে চারজন দুষ্কৃতী আচমকা ওই জা.গায় এসে একদম কাছ থেকে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাদের সকলেরই মুখ ঢাকা ছিল। সে কারণে এখনও পর্যন্ত কাউকে চেনা যায়নি।
এদিকে গুলি চলার আওয়াজে ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছেন আশপাশের লোকজন। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই দীপকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান। তবে সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
খবর যায় পুলিশের কাছেও। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে রিষড়া থানার আধিকারিকেরা। আসেন চন্দননগর পুলিশের ডিসি এসিপি। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানাচ্ছেন যে যুবকের গুলি লেগেছে তিনি আবার একটি খুন মামলায় অভিযুক্ত। কিন্তু, কে বা কারা আচমকা তাঁকে গুলি চালালো সে বিষয়ে এখনও পর্যন্ত দিশাহীন পুলিশ। খোঁজ চলছে দুষ্কৃতীদের। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। যদিও অতীতের রেকর্ড দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
