
পান্ডুয়া: দিনে-দুপুরে ছিনতাই। পান্ডুয়াতে এক যুবককে ছুরি মেরে পালিয়ে গেল দুষ্কৃতী। তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হুগলির পান্ডুয়ার জামগ্রাম মন্ডলাই গ্রাম পঞ্চায়েতের ভোটগ্রাম এলাকার ঘটনা। জানা যাচ্ছে, ওই এলাকার বাসিন্দা সোমনাথ বাউলদাস, একুশ বছর বয়স তাঁর। সোমবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়া কালনামোর সংলগ্ন একটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্ক থেকে ৩ লক্ষ টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন।
ওই যুবকের জেঠু অশোক বাউল দাস জানান, কয়েকদিন পরেই তাদের বাড়িতে হরিনাম সংকীর্তন এর অনুষ্ঠান আছে। নাম গান হবে তিন দিন ধরে। যেখানে নরনারায়ণ সেবা আয়োজন করা হয়েছে। প্রতিবছর তাদের পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেই কারণেই ব্যাঙ্ক এই টাকা তুলে নিয়ে যাচ্ছিলেন সোমনাথ।
স্থানীয় সূত্রে খবর, স্কুটি চালিয়ে বাড়ি যাওয়ার পথে সরাই গ্রামে ঢুকতেই ফাঁকা রাস্তায় দুটি বাইকে করে মোট চারজন অজানা ব্যক্তি তাকে হামলা করে বলে অভিযোগ। তার মাথার পিছন দিকে সজোরে আঘাত করে। ছুরি দিয়ে আঘাত করে তার হাতে। রাস্তার অদূরে স্কুটি সহ ছিটকে পড়ে যায় সোমনাথ। তার স্কুটির ডিকিতে থাকা নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই চার জন। সোমনাথকে স্থানীয়রা আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে এসে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে।