
ডানকুনি: প্রচারে বেরিয়েছিলেন। আর তখনই ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। জল নিকাশি ও স্বাস্থ্য কেন্দ্র নিয়ে খুব উগরে দেন এলাকার মহিলারা।এ দিন ডানকুনি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কালিতলা থেকে জনসংযোগ করছিলেন চণ্ডীতলার তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার।
জানা যাচ্ছে, মইরাপাড়া হয়ে স্বাতীর মিছিল যখন শেষের পথে, মাইতি পাড়া বাসস্ট্যান্ডের কাছে এগোচ্ছে তখন আচমকা কয়েকজন মহিলা স্বাতী খন্দকারের দিকে এগিয়ে যান। তাঁকে উদ্দেশ্য করে বলেন, “খাল সংস্কার কবে হবে ? এখানে কী মানুষ থাকে না ? স্বাস্থ্য কেন্দ্র কেন সরানো হল?” যদিও তৃণমূল প্রার্থী তাঁদের কথা তোয়াক্কা না করেই মিছিল নিয়ে এগিয়ে যান। আরও এক মহিলা বলেন, “খাল কতটা সরু হয়ে গিয়েছে দেখেছেন? এই সমস্যার সমাধান কে করবে? কালকের বৃষ্টিতেই জল জেমেছে। এরপর কী হবে?”
বিষয়টি নজরে আসতে পরিস্থিতি সামাল দিতে মহিলাদের সঙ্গে কথা বলেন ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবাশীষ নন্দী। এলাকার সমস্যা ও মানুষের ক্ষোভ প্রকাশের কথা স্বীকার করে নেন তিনি। বলেন, “জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে এই সমস্যা তৈরি হয়েছে তার সমাধান আমরাই করব।”
বস্তুত, এই এলাকার অন্যতম বড় সমস্যাই হল জমা জল। একটি বৃষ্টিতেই বাড়ির সামনে জল জমে থাকে। যার জেরে নিত্যদিন সমস্যায় পড়েন এলাকার সাধারণ মানুষ-জন। ঘরবন্দী হয়ে পড়েন তাঁরা। এছাড়া ডেঙ্গি-ম্যালেরিয়ার উৎপাত তো আছেই। ফলত, আজ সেই এলাকায় প্রচারে যেতেই স্বাতীর উপর ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ।