
হুগলি: হাইকোর্টের নির্দেশ অমান্য করে অস্ত্র নিয়ে চলল রামনবমীর মিছিলে হাঁটলেন বিজেপি প্রার্থী। নিজেকে রক্ষা করতে গেলে অস্ত্রের প্রয়োজন। তার যেন অপব্যবহার না হয়, সেটাও আবার বললেন বিজেপি প্রার্থী। পুলিশ কমিশনার অবশ্য আগেই জানিয়ে দিয়েছে, নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। চুঁচুড়ায় একাধিক জায়গায় হল রামনবমীর মিছিল হল শুক্রবার। আট থেকে আশি সকলের হাতেই দেখা গেল অস্ত্র। হাইকোর্টের নির্দেশ ছিল, কোনও মিছিলে অস্ত্র এবং ডিজে বক্স নিয়ে বেরনো যাবে না। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই হল রামনবমীর মিছিল। অভিযোগ তেমনই।
ব্যান্ডেল মোড়, কাপাসডাঙ্গা, রবীন্দ্রনগর, পেয়ারাবাগান, খাদিনা মোড়-সহ একাধিক জায়গা থেকে মিছিল বেরোয়। সেগুলি পরপর একে অপরের সঙ্গে মিশে গোটা চুঁচুড়া শহর প্রদক্ষিণ করে। সেই মিছিলে সামনের সারিতে দেখা যায় চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগকে। পাশাপাশি অস্ত্র হাতে মিছিলে দেখা যায় বিজেপির হাওড়া হুগলি বিভাগের জয়েন্ট কনভেনর সুরেশ সাউকে। মিছিলে একাধিক মহিলার হাতেও দেখা যায় অস্ত্র। অস্ত্রের ঝলকানির পাশাপাশি তারস্বরে বক্স বাজতেও দেখা যায়।
মিছিলে উপস্থিত থেকে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, “সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি। এই দিনটা আমাদের সারা বছর কাজে উৎসাহ দেয়। শোভাযাত্রা যবে থেকে শুরু হয়েছে সেই বছর থেকে রাজপথ আজকের দিনে রাম ভক্তদের দখলে থাকে। আমি প্রতিবার এই মিছিলে উপস্থিত থাকি। আমাদের একটাই পরিচয় আমরা রামের ভক্ত। এই মাটি রামচন্দ্রর মাটি। তাই রামচন্দ্রর মাটিতে রামভক্তদের এডভান্টেজ সব সময় বেশি থাকে।”
অস্ত্র মিছিল সম্পর্কে সুবীর নাগ বলেন, “এটা আমাদের পরম্পরা। কোনও কিছুই শুধুমাত্র ‘সস্ত্র’ দিয়ে হয়না নিজেকে রক্ষা করতে গেলে অস্ত্র তুলে নিতে হয়। তবে এটার যেন অপব্যবহার না হয়। এটা ভয় দেখানোর জন্য নয়। এটা বিরত্বের প্রতীক।”
হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে সুবীর বলেন, “হাইকোর্টের নির্দেশ কি শুধুমাত্র রামনবমীর জন্য হয়? মহরমের সময়ও অস্ত্র নিয়ে বের হয়।”
মিছিলে অস্ত্র হাতে থাকা নমিতা কুণ্ডু বলেন, “ত্রিশূল আমাদের সহ্যের প্রতীক। এগুলি হিন্দু ধর্মের শক্তির প্রতীক। দেবী দুর্গার এই অস্ত্র আমরা সকল মা, বোনেদের হাতে তুলে নিতে হবে আত্ম সম্মান রক্ষার জন্য।”
অস্ত্র মিছিল এবং ডিজে বাজানো প্রসঙ্গে চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব বলেন, “ডিজে বাজানো ওদের নিষেধ করা আছে। ওদের কাছে একটি মিউজিক সিস্টেম রয়েছে কিন্তু ডিজে বাজাতে দেওয়া হয়নি। আমি একটা মিছিল দেখেছি যেখানে অস্ত্র ছিল। কিন্তু তাঁদের বলার পর তাঁরা অস্ত্র সরিয়ে দিয়েছে। বিজেপি প্রার্থী ব্যক্তিগত ভাবে হাঁটতে পারেন।”