
শ্রীরামপুর: আর একমাসও হাতে নেই। তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই কারণে চলছে নাকা চেকিং। আর সেই নাকা চেকিং থেকে বাদ গেলেন না শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীও। এক ঘণ্টার তফাতে তৃণমূল প্রার্থীর গাড়ি থামিয়ে দু’বার চলল তল্লাশি। নির্বাচন কমিশনকে তোপ তন্ময় ঘোষের।
শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের অভিযোগ, বুধবার সকালে তিনি যখন কলকাতা থেকে শ্রীরামপুরে আসছিলেন প্রচারের জন্য, সেই সময় প্রথমে সিঙ্গুর বিধানসভার ঝাঁকারি এলাকায় নাকা চেকিং চলছিল। সেখানেই তাঁর গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি চালানো হয়।
এরপর এক ঘণ্টা পর চাঁপদানী বিধানসভা এলাকার চাঁপসরা দিয়ে যাওয়ার সময় ফের নির্বাচন কমিশনের আধিকারিকরা তার গাড়ি দাঁড় করিয়ে ফের তল্লাশি চালান। তন্ময়ের অভিযোগ, শুধুমাত্র তাঁর গাড়ি তল্লাশি করা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, এক আধিকারিক তাঁর সঙ্গে খারাপ আচরণও করেন।
তন্ময় বলেন, “আসলে বিজেপি ভয় পেয়েছে। তার জন্য কমিশনের সাহায্য নিচ্ছে। তার গাড়ি তল্লাশি হোক,তাতে অসুবিধা নেই। তবে, শুধু তাঁর গাড়ি কেন,সেটাই তার প্রশ্ন।কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন। সঙ্গে থাকছে পুলিশ। গাড়িতে তল্লাশি করার পাশাপাশি ছবি তুলে রাখা হচ্ছে।একজন প্রার্থীর গাড়ি বার বার দাঁড় করিয়ে তল্লাশিতে নির্দিষ্ট জায়গায় যেতে দেরি হচ্ছে।অথচ দেখা যাচ্ছে পাশ দিয়ে অন্য গাড়ি চলে যাচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে।” অপরদিকে, শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, “নির্বাচন কমিশন আর বিজেপি আলাদা। ওরা ভাবছে বিজেপি আর নির্বাচন কমিশন এক। কিন্তু তা নয়। পুলিশ পুলিশের কাজ করবে। এতদিন পুলিশ মমতার কথায় চলত।”