
বালি: ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। ভোটের পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এবার শুভেন্দু অধিকারীর র্যালিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-এর প্রচারে রোড শো করছিলেন শুভেন্দু। সেই সময় আচমকাই শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। ভিড়ের মধ্যে থেকে ‘জয় বাংলা’ স্লোগান উঠতেই গাড়ির মাথায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। তিনিও বলতে শুরু করেন ‘জয় শ্রীরাম’।
বুধবার সন্ধ্যায় এই রোড শোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার বালিতেও একই পরিস্থিতি। জয় বাংলা ও জয় শ্রীরাম, পাল্টা স্লোগান শুরু চলে বেশ কিছুক্ষণ ধরে। রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দু।
তাঁকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। কোনও ক্রমে বের করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বালির ওসি-র বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্বাচন কমিশনে ওসি-র বিরুদ্ধে অভিযোগ জানাবেন।
অন্যদিকে বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস বলেন, “শুভেন্দু অধিকারী যেমন মানুষ, তাঁকে সেরকমই করেছেন সাধারণ জনগণ। তিনিও তো রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে বেরিয়েছেন। কই আমাকে তো কেউ চোর বা অন্য কোনও স্লোগান দিচ্ছে না! আগেও তিনবার বালি থানার আইসি-কে সাসপেন্ড করিয়েছেন। মানুষ সব দেখছে।”