
জলপাইগুড়ি: ভোটের বাজারে সরগরম বাংলা। ভোট প্রচারে ঝড় তুলছেন শাসক-বিরোধী সব দলেরই প্রার্থীরা। যোগ হচ্ছে নতুন নতুন ‘মশলা’! ভোট টানতে কী-ই না করছেন, দেখা যাচ্ছে কত শত চমক। তবে এবার জলপাইগুড়িতে যা ঘটল, তা দেখে হাসির রোল নেটপাড়ায়। খোদ পাখি আশীর্বাদ করে বসল প্রার্থীকে! ক’জনের ভাগ্যে মেলে বলুন তো! সেই বিরল সৌভাগ্যের অধিকারী হলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস। সৌজন্যে এক মিষ্টি কাকাতুয়া!
জলপাইগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন কৃষ্ণ দাস। গত কয়েকদিন ধরেই কৃষ্ণ বাবু চষে বেড়াচ্ছেন নিজের ওয়ার্ড। এদিন প্রচার করতে করতে তিনি পৌঁছে গিয়েছিলেন এক পশুপ্রেমীর বাড়িতে। বাড়ির সদস্যদের কাছে ভোট চেয়ে যখন হাসিমুখে বিদায় নিতে যাবেন, তখনই ঘটল সেই কাণ্ড!
বাড়ির গেটের পাশেই এক বিশাল খাঁচায় রাজকীয় ভঙ্গিতে বসেছিল এক সাদা ধবধবে কাকাতুয়া। তাকে দেখা মাত্রই হাসিমুখে এগিয়ে যান প্রার্থী। যেই না খাঁচার সামনে গিয়ে কৃষ্ণ বাবু মাথা নিচু করে আশীর্বাদ চেয়েছেন, ওমনি ওস্তাদ কাকাতুয়া এক পা এগিয়ে এসে টপ করে প্রার্থীর কপালে দিয়ে দিল একখানা জম্পেশ চুমু!
ব্যস! কাকাতুয়ার এই কাণ্ড দেখে সেখানে উপস্থিত কর্মীদের মধ্যেও হাসির রোল পড়ে যায়। হাসির রোল নাগরিক মহলেও। কেউ বলছেন, “ভোটে জেতা এবার পাকা, খোদ পাখি আশীর্বাদ দিচ্ছে!” আবার কেউ মজা করে বলছেন, “কাকাতুয়াই যদি ভোটটা দিতে পারত, তবে তো আর চিন্তাই ছিল না!” প্রার্থী কৃষ্ণ দাসও বেশ আপ্লুত। কাকাতুয়ার সেই ‘আশীর্বাদ’ মাথায় নিয়েই ফের প্রচারে নেমে পড়েন তিনি।