Jhargram: বিদ্যুৎ চুরি রুখতে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ, খুশি বাসিন্দারা
Illegal Electricity Hooking in Jhargram: এই অনৈতিক কর্মকাণ্ডে লাগাম টানতে এবং বিদ্যুৎ ব্যবস্থা নিরাপদ রাখতে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নতুন মোবাইল অ্যাপ 'বিদ্যুৎ প্রহরী'। যে কোনও সাধারণ নাগরিক নিজের স্মার্টফোনে সহজেই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের একলব্য স্কুল সংলগ্ন আদর্শপল্লি এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে চলছে বেআইনি বিদ্যুতের হুকিং। এই অনিয়মের ফলে এলাকাটিতে মারাত্মক দুর্ঘটনা ও সুরক্ষাজনিত ঝুঁকি যেমন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তেমনই রাজ্য বিদ্যুৎ দফতরের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে।
এই অনৈতিক কর্মকাণ্ডে লাগাম টানতে এবং বিদ্যুৎ ব্যবস্থা নিরাপদ রাখতে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নতুন মোবাইল অ্যাপ ‘বিদ্যুৎ প্রহরী’। যে কোনও সাধারণ নাগরিক নিজের স্মার্টফোনে সহজেই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এলাকায় কোথাও বিদ্যুৎ চুরি বা অবৈধ হুকিং চোখে পড়লে গ্রাহকরা সরাসরি অ্যাপটির সাহায্যে বিদ্যুৎ দফতরে বিস্তারিত তথ্য পাঠাতে পারবেন। তথ্য প্রদানকারী নাগরিকের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। অ্যাপে অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গেই দফতরের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে পূর্ণ সমর্থন ও সাধুবাদ জানিয়েছেন ঝাড়গ্রামের সাধারণ বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের আশা, এই অ্যাপের সঠিক ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ চুরি রোধ করা সম্ভব হবে, যার সুফলে ভবিষ্যতে সাধারণ সৎ গ্রাহকদের ওপর বাড়তি বিদ্যুৎ বিলের চাপ অনেকটাই হ্রাস পাবে।
