Malda: বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্যে বিহার থেকে অভিযুক্তকে ধরল পুলিশ
Minor girl physically assault: মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই বিশেষ দল গঠন করা হয়। প্রযুক্তির সাহায্য নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন।

মালদহ: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে শোরগোল পড়েছে। এই নৃশংস ঘটনা নিয়ে হইচইয়ের মধ্যেই মালদহে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেফতার করল পুলিশ। নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মালদহের ইংরেজবাজারে বাড়ি নাবালিকার। ষষ্ঠ শ্রেণিতে পড়ে। অভিযুক্ত যুবক নাবালিকার প্রতিবেশী। অভিযোগ, ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। গুরুতর অসুস্থ নাবালিকাকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল সন্ধেয় থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
ঘটনার পর বিহারের পূর্ণিয়ায় পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত যুবক। পুলিশ জানিয়েছে, প্রযুক্তিগত সাহায্য নিয়ে পূর্ণিয়া থেকে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে ওই যুবকের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া বছর ১২-র ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। এরপর ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে মেয়ের পরিবারের লোকজন তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রূজু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। উত্তেজনা থাকায় এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই বিশেষ দল গঠন করা হয়। প্রযুক্তির সাহায্য নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি বিধানের ব্যবস্থা হবে। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।
