Shiv Mandir: যতদিন যাচ্ছে শিবলিঙ্গের উচ্চতা নাকি বাড়ছে, তারকেশ্বর নয়, বাংলার এই জায়গায় মহাদেবের মাথায় জল ঢালতে আসেন কাতারে-কাতারে ভক্ত
Malda: কথিত আছে, মন্দিরের শিবলিঙ্গটি দিন দিন আকারে বৃদ্ধি পাচ্ছে। সেই বিশ্বাসকে কেন্দ্র করে সারা বছরই ভক্তদের আনাগোনা থাকলেও, শ্রাবণ মাসে ভিড় কয়েকগুণ বেড়ে যায়। সোমবার সকালে জলাভিষেক ও পুজো দিতে দীর্ঘ লাইনে দাঁড়ান হাজার হাজার ভক্ত।

মালদহ: শ্রাবণ মাস পড়ে গিয়েছে। এই মাস মহাদেবের। প্রতি বছর এই মাসে মহাদেবের মাথায় তারকেশ্বর ধামে গিয়ে জল ঢালেন জলযাত্রীরা। তবে জানেন, শুধু তারকেশ্বর নয়, নিজেদের মনের কামনা পুরণ করতে কাতারে কাতারে মানুষ আসেন মালদহের বামন গোলায়। এখানকার মানুষের বিশ্বাস, বহু প্রাচীন শিবলিঙ্গ বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। বদলে যাচ্ছে রূপ। আর সেই টানেই প্রাচীন বটবৃক্ষের তলায় মানুষ আসেন বাবা মহাদেবকে জল ঢালতে। কেউ আসেন লোহার কাঁটা বসানো পথে দীর্ঘ পথ হেঁটে,দন্ডিকেটে নিজেদের মনস্কামনা পূরণের জন্যে।
শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মালদার বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার ঐতিহ্যবাহী শিবডাঙ্গি মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। মালদহ শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন শিবমন্দিরকে ঘিরে রয়েছে প্রায় ৫০০ বছরেরও বেশি পুরোনো এক বিশাল বটবৃক্ষ। বটের ঝুড়ির সঙ্গে জড়িয়ে রয়েছেন মহাদেব তথা প্রাচীন শিবলিঙ্গ। সেখানেই নিষ্ঠার সঙ্গে পুজিত হয়ে আসছেন দেবাদিদেব।
কথিত আছে, মন্দিরের শিবলিঙ্গটি দিন দিন আকারে বৃদ্ধি পাচ্ছে। সেই বিশ্বাসকে কেন্দ্র করে সারা বছরই ভক্তদের আনাগোনা থাকলেও, শ্রাবণ মাসে ভিড় কয়েকগুণ বেড়ে যায়। সোমবার সকালে জলাভিষেক ও পুজো দিতে দীর্ঘ লাইনে দাঁড়ান হাজার হাজার ভক্ত।
এদিন এক ভক্তকে মানত পূরণের পর প্রায় দুই কিলোমিটার পথ লোহার কাঁটা বসানো দীর্ঘ পিঁড়িতে শুয়ে দণ্ডী কেটে মন্দিরে পৌঁছাতে দেখা যায়। তাঁর এই কঠোর ব্রত দেখতে বহু মানুষ ভিড় জমান। ভক্তদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন এবং স্থানীয় কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বামনগোলা থানার পক্ষ থেকেও পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশেই সারাদিন ধরে পুজো ও জলাভিষেকের অনুষ্ঠান চলতে থাকে।
