Bomb Recovery: জেলার দুই প্রান্ত থেকে একইদিনে উদ্ধার তাজা বোমা! ভোটে গরম মুর্শিদাবাদে এ কী অবস্থা

Murshidabad: একটি ঘটনা মুর্শিদাবাদের নবগ্রামের গোড়োরা গ্রামের। দ্বিতীয় ঘটনাটি ডোমকলের। বৃহস্পতিবার দুপুরের এই দুই পৃথক ঘটনায় বেশ হইচই পড়ে গিয়েছে এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনেও। এদিন দুপুর দুটো নাগাদ গোড়োরা গ্রামে ঢোকার মুখে একটি ঝোপ জঙ্গলে ঘেরা জায়গার মধ্য থেকে উদ্ধার হয় তাজা বোমা।

Bomb Recovery: জেলার দুই প্রান্ত থেকে একইদিনে উদ্ধার তাজা বোমা! ভোটে গরম মুর্শিদাবাদে এ কী অবস্থা
বোমা উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Mar 21, 2024 | 6:23 PM

মুর্শিদাবাদ: শিয়রে লোকসভা নির্বাচন। ভোটের মুখে এবার তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদ জেলার দুই প্রান্তে। যখন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ভোট, তখন একইদিনে জেলার দুই প্রান্তে এই দুই পৃথক ঘটনায় উদ্বেগ বাড়ছে আমজনতার। একটি ঘটনা মুর্শিদাবাদের নবগ্রামের গোড়োরা গ্রামের। দ্বিতীয় ঘটনাটি ডোমকলের। বৃহস্পতিবার দুপুরের এই দুই পৃথক ঘটনায় বেশ হইচই পড়ে গিয়েছে এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনেও। এদিন দুপুর দুটো নাগাদ গোড়োরা গ্রামে ঢোকার মুখে একটি ঝোপ জঙ্গলে ঘেরা জায়গার মধ্য থেকে উদ্ধার হয় তাজা বোমা। ঝোপের মধ্যে একটি ঝোলার মধ্যে করে লুকিয়ে রাখা ছিল চারটি বোমা। বোমাগুলি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় ঘটনা অর্থাৎ ডোমকলের ঘটনাতেও আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনে। একেবারে স্কুল সংলগ্ন এলাকা থেকে। এদিন দুপুরে মুর্শিদাবাদের ডোমকল ব্লকের পাইকমারি হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় বালতি ভর্তি সকেট বোমা। আর এই নিয়েই ব্যাপক ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। উল্লেখ্য, এর আগেও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল। তারপর আবার লোকসভা ভোটের মুখে এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দারাই বোমাগুলি প্রথমে দেখতে পান এবং খবর দেন ডোমকল থানায়। এরপর ডোমকল থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করেছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও। কোনওরকম অঘটন যাতে না ঘটে যায়, তাই বোমাগুলিকে পাহারা দিচ্ছে পুলিশ। এদিকে কে বা কারা এই বোমাগুলি লুকিয়ে রেখেছিল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে স্থানীয় সূত্র মারফত খবর,এদিন বেলা এগারোটার দিকে এলাকার দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে গিয়েছিল। সেই সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছিলেন এবং একজনকে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে সেই ঘটনার সঙ্গে বোমা উদ্ধারের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

Follow Us