
নদিয়া: রানাঘাটে শিক্ষককে মারধরের অভিযোগ। ঘটনায় সাসপেন্ড ২ কর্মী, শোকজ করা হয়েছে বিডিও-কেও। রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশনে বিধানসভা ভোটের প্রশিক্ষণ চলাকালীন রাজ্য সরকারের প্রচারমূলক ভিডিয়ো দেখানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের প্রতিবাদ করায় সৈকত চট্টোপাধ্যায় নামে এক শিক্ষককে আটকে রেখে বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।
রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েক’শ ভোটকর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ করে জেলা প্রশাসন। নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানান, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ছবি ভুলবশত চালানো হয়েছিল। তবে যে কোনও ভুলই বিধিভঙ্গের শামিল।” ঘটনায় অভিযুক্ত দুই কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
কর্তব্য পালনে গাফিলতির দায়ে হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। জেলাশাসকের মতে, বিডিও-র উপস্থিতিতে কেন এমন পরিস্থিতি তৈরি হল, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। পুরো ঘটনার রিপোর্ট জমা পড়েছে নির্বাচন কমিশনেও। প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব শিক্ষক সংগঠনগুলো। এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।