
নদিয়া: ‘দেখুন…ডিম…ডিম ছুড়ছে….। দেখলেন…ফের ডিম ছুড়ছে…।’ ভিডিয়োতে এমনই বলতে শোনা যাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। ঘেমে নেয়ে একশা তিনি। তার মধ্যেই ভিডিয়ো বানিয়ে দেখালেন কীভাবে তাঁকে ‘হেনস্থা’ করা হয়েছে। বুধবার নদিয়ার তেহট্টে কর্মিসভায় যেতেই ফের বিক্ষোভের মুখে পড়েন সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে ছোড়া হল ডিম। এর আগেও একই ঘটনার সাক্ষী ছিলেন মহুয়া। গোটা ঘটনার পিছনে বিজেপিকে দায়ী করছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
মহুয়া মৈত্র কর্মী সম্মেলনের জন্য নদিয়ার তেহট্টে এসেছিলেন। সেই সময় প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা জমায়েত করেন। অভিযোগ, বিজেপির স্থানীয় লোকজন হঠাৎ সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়া শুরু করেন। সাংসদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই মহুয়াকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।
মহুয়া মৈত্র বলেন, “দেখলেন আপনারা দেখুন…বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি পুলিশের সামনে কী করেছে। সকলে দেখতে পাচ্ছেন? আমার গাড়িটার অবস্থা দেখুন…।”
বস্তুত,সুপ্রিম কোর্ট এর আগে মহুয়াকে রক্ষাকবচ দেওয়ার সময় মন্তব্য করেছিল, “রাজনীতিতে শপথ নিয়েছেন, ডিমকে ভয় পাচ্ছেন কেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন।” কোর্টের নির্দেশ মেনেই নিজের সংসদীয় কেন্দ্রে গিয়েছিলেন মহুয়া। তবে এবারও সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলে খবর।
তেহট্টের বিধায়ক সুব্রত কবিরাজ বলেন, “এখানে বিজেপি নেতৃত্ব ছিল না। এটা গোষ্ঠী কোন্দলের ফল। এখানে একদল মহুয়াপন্থী, আর এক দল অন্য পন্থী। ওরা তো এখন বিভিন্ন দলে বিভক্ত, তাই সেই কোনও একপন্থী এইসব করেছে। ওদের এখন আর কোনও অস্তিত্ব নেই।”