
বসিরহাট: ভোটের আগে বিজেপি কর্মীর পরিবারকে হেনস্থার অভিযোগ। দুষ্কৃতীদের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি। জানা যাচ্ছে, মেয়ে বিজেপির সক্রিয় কর্মী। সেই কারণে বাবাকে ধরে বেধড়ক মারধর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত বাবা। তাঁর নাম সনৎ দত্ত।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভার বসিরহাট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে। জানা যাচ্ছে, সনৎ দত্ত শনিবার রাতে নিজের কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর রাস্তা আটকায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তাঁকে প্রথমে বলা হয়, যেন তাঁর মেয়ে এবং তাঁর পরিবার যেন কোনও মতেই বিজেপির হয়ে প্রচার বা কোনও রকম মিছিল মিটিংয়ে না থাকেন। কিন্তু তাঁদের কথার জবাব দেন সনতবাবু। অভিযোগ, তখনই দুষ্কৃতীরা তাঁকে এলোপাথারি মারধর করতে থাকে। চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ একত্রিত হলে আহত ব্যক্তিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় তাঁরা। এরপর পরিবারের লোক এবং এলাকার মানুষ তড়িঘড়ি তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়।
এরপর গভীর রাতে বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সৌর্য বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যান তাঁকে দেখতে। তিনি বলেন,”আমাদের কর্মীদের মারধর ছিনতাই টাকা লুট করার মতো একাধিক ঘটনা ঘটেছে। শুধু এই বয়স্ক ভদ্রলোকের মেয়ে বিজেপি পার্টি করে তাই আজ এই বৃদ্ধকে মার খেতে হল তৃণমূলের গুন্ডাবাহিনী হাতে। আর এই ঘটনা প্রতিনিয়ত করছে আমাদের কর্মী সমর্থকদের সঙ্গে। আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ঘটনাটি জানিয়েছি। আশা করব তাঁরা সঠিক বিচার করে উপযুক্ত শাস্তি দেবে।”
এই বিষয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বলেন, “আমি ঘটনাটা জানিই না । সাংবাদিকদের মুখ থেকে শুনলাম। কিন্তু আমাদের মধ্যে এমন কোনও কর্মী সমর্থক নেই যাঁরা এইরকম ধরনের নোংরা কাজ করবে। ওরা থানায় এবং কমিশনে অভিযোগ করুক। তাঁরা পুরো বিষয়টি তদন্ত করে দেখুক। যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হোক।”