Haroa: বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক, হাড়োয়ায় অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক গ্রামবাসী
Haroa ammonia gas leak: এলাকার একটি বরফ কারখানা থেকে রবিবার হঠাৎ মারাত্মক ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই তীব্র বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায়। গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন একাধিক গ্রামবাসী।

উত্তর ২৪ পরগনা: বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বহু গ্রামবাসী। খবর জানাজানি হতেই তীব্র আতঙ্ক ছড়ায় সমগ্র এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ও বরফ কলের মালিককে গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সাপপুকুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বরফ কারখানা থেকে রবিবার হঠাৎ মারাত্মক ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই তীব্র বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায়। গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট, চোখে জ্বালা ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন একাধিক গ্রামবাসী। তাঁদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
এই ঘটনার পর বরফ কলের মালিকের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাড়োয়া-বেড়াচাঁপা মূল সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন তাঁরা। খবর পেয়ে লালবাতির গাড়ি নিয়ে পৌঁছায় দমকল বাহিনী এবং হাড়োয়া থানার পুলিশ। দমকল কর্মীরা দ্রুত গ্যাস লিক বন্ধ করার কাজে হাত দেন। অন্যদিকে, আন্দোলনকারীদের বুঝিয়ে ও সঠিক তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কারখানাটির সুরক্ষা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে।
